দুর্বল দেশগুলোর ক্রিকেট উন্নয়নে সহায়তা করতে চান স্টিভ ওয়াহ
বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং কেনিয়ার মত দুর্বল শক্তির ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উন্নতির জন্য কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
সিডনিতে রোববার নিজের আত্মজীবনীমূলক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াহ বলেন, ক্রিকেট আমার রক্তের সাথে মিশে আছে এবং ক্রিকেটের সাথে জড়িত হওয়ার মধ্য দিয়ে আমি আবার বেশ ভালোভাবে ফিরে আসব।
তবে নিজের দেশ অস্ট্রেলিয়ার ব্যাপারে তিনি মনে করেন, কোচ হিসেবে অস্ট্রেলিয়া দলের সাথে তার সম্পর্ক খুব একটা কার্যকর হবে না। ‘বর্তমান অস্ট্রেলিয়া দলের অধিকাংশ ক্রিকেটারের সাথে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। তাই আমি মনে করি, দলের সাথে আমার সম্পর্ক গভীর হলে আমি নিজেই প্রভাবিত হয়ে পড়ব’-এমনটাই ছিল সাবেক অধিনায়কের
মন্তব্য।
তবে ওয়াহ কেনিয়া, বাংলাদেশ অথবা জিম্বাবুয়ের উন্নতির জন্য কাজ করতে ভীষনভাবে আগ্রহী বলে জানান।
অস্ট্রেলিয়ার এই গ্রেট ক্রিকেটার ১৬৮ টেস্টে ১০ হাজার ৯২৭ রান করার পর গত বছর জানুয়ারিতে অবসর গ্রহন করেন।
দুর্বল দেশগুলোর ব্যাপারে ওয়াহ বলেন, জিম্বাবুয়ের মত যেসব দেশ ক্রিকেটে উন্নতির জন্য চেষ্টা করছে এবং যেসব দেশ টেস্ট মর্যাদা পাবার জন্য লড়াই করছে, তাদের সহযোগিতা করা উচিত।
বাংলাদেশের ব্যাপারে ওয়াহ বলেন, বাংলাদেশের উন্নতি অব্যাহত রয়েছে এবং আমি মনে করি, কেনিয়া এবং পূর্ব আফ্রিকান কয়েকটি দেশে প্রতিভার অভাব নেই। আমার মতে, এই দেশগুলোর দিকে আমাদের নজর দেয়া উচিত।
তিনি বলেন, আমরা যদি কেবল শীর্ষ দলগুলোর দিকেই নজর দিই, তাহলে মানুষ একসময় একঘেঁয়েমিতে ভুগবে।
