২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্য শুন্য বাফুফে’র জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সদস্যশুন্য হয়ে পেড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সবাই পদত্যাগ করায় এই শুন্যতার সৃষ্টি হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের সহ সভপতি দেশের কিংবদন্তির ফুটবলার কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার পদত্যাগ করেন। একইদিন পদত্যাগ করেন কমিটির আরও দুই সদস্য ইমতিয়াজ সুলতান জনি এবং গোলাম রব্বানী হেলাল।

কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন ও এর অপর সদস্য সালাম মুর্শেদী শনিবার পদত্যাগ করায় পুরোপুরি খালি হয়ে যায় ম্যানেজমেন্ট কমিটি।

ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান জানান, কেন্দ্রীয়ভাবে কমিটির কাজ পরিচালিত হবে।

এস এ সুলতানের অনুপ্রেরনায়ই সালাউদ্দিন ফেডারেশনের সহ সভাপতি ও ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদে যোগ দেন।

ফেডারেশনের সভাপতি শনিবার বলেন, সালাউদ্দিন ফেডারেশনের সাথে জড়িত ছিলেন না। দেশের ফুটবল তার কাছ থেকে যাতে উপকৃত হতে পারে, সে লক্ষ্যেই আমি তাকে ফেডারেশনে নিয়ে আসি। তাই আমরা তাকে হারাতে চাই না এবং তাকে ফেডারেশনের সাথে সম্পৃক্ত রাখতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

নিজের পদত্যাগের ব্যাপারে সালাউদ্দিন জানান, জাতীয় দলের ম্যােিনজমেন্ট কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে ফেডারেশন নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়নে বেশি মনোযোগী হওয়ায় কমিটির চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকার কোন যৌক্তিকতা দেখিনা। তাই আমি পদত্যাগ করেছি।

জাতীয় দলের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি ও ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানের বেতন ভাতার অর্থ যোগান দেয়া হতো এই ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকেই। কোচ এবং ট্রেইনারের বেতন বাবদ মাসে ছয় হাজার ডলার যোগাড় নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।

এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, তারা অর্থ না দিলে আমরা অন্য উৎস থেকে অর্থের ব্যবস্থা করব। যদি কোন সমস্যা তৈরী হয়, তাহলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করব।

পদত্যাগী সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে এস এ সুলতান বলেন, আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং এ ক্ষেত্রে নিশ্চয়তা ও অনিশ্চয়তা দু’টোই রয়েছে।

হেলাল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নির্বাহী কমিটির জরুরী সভা আহ্বান করা হবে।

মঙ্গলবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় জাতীয় দলের ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কাননের নাম প্রস্তাব করা হলেও মূলত ফেডারেশনের বেশ কিছু কর্মকর্তা এর বিরোধিতা করায় সমস্যার সৃষ্টি হয়। কর্মকর্তারা ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবুর নাম প্রস্তাব করেন, যদিও মাঠ ও মাঠের বাইরে বাবুর খারাপ আচরনের কথা সবারই জানা। এ নিয়ে নির্বাহী কমিটির সভায় বাক বিতন্ডাও হয়। পরে জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচনের দায়িত্ব দেয়া হয় ফেডারেশনের সভাপতির হাতে।

প্রস্তাব মানা না হলে সেসময় সালাউদ্দিন পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন। বাফুফে সভাপতি বুধবার জাতীয় দল, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ দলের সমন্বয়কারী হিসেবে কাননের নাম ঘোষণা করেন। অন্যদিকে বাবুকে অনুর্ধ্ব ২০ দলের ম্যানেজার নির্বাচন করা হয়।

জাতীয় দলের দলনেতা হিসেবে ফেডারেশনের সহ সভাপতি মনির আহমেদকে নিয়োগ দেয়া হলেও তিনি পারিবারিক ও ব্যবসার কারণ দেখিয়ে দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন।

বাফুফে জাতীয় দলের দলনেতা হিসেবে আশরাফ উদ্দিন আহমেদ চন্নুকে নিয়োগ দেয়। পরে অবশ্য তাকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়।

মায়ানমারে একটি চারজাতি টুর্নামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে ২৭ অক্টোবর দেশত্যাগ করবে জাতীয় দল। টুর্নামন্টের অপর দলগুলো হচ্ছে-ভারত, চীন ও স্বাগতিক মায়ানমার।