শেন ওয়ার্ন মনোযোগ সন্ধানী : স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ তার বহুল প্রতিক্ষীত আত্মজীবনীতে লেগ স্পিনার শেন ওয়ার্নকে একজন মনোযোগ প্রত্যাশী বলে আখ্যায়িত করেছেন ও ইয়ান চ্যাপেলের প্রতি অবজ্ঞাভাব প্রকাশ করেছেন।
আউট অব মাই কমফোর্ট জোন নামের বইটি রোববার বাজারে আসবে। বইটির জন্য ওয়াহ ৫৫০,০০০ পাউন্ড পেয়েছেন।
২০০৪ সালের জানুয়ারিতে অবসর নেয়া ওয়াহ ১৬৮টি টেস্ট খেলে ১০,৯২৭ রান করেছেন।
আত্মজীবনীতে সাবেক সহখেলোয়াড় ওয়ার্ন সম্পর্কে ওয়াহ লিখেছেন, তার সবসময় সহযোগিতা, উৎসাহ ও নিশ্চয়তা দরকার কারণ সে একজন মানুষ। সে ভালবাসা পেতে তার ভালোলাগে।
ইয়ান চ্যাপেল সম্পর্কে ওয়াহ খুব বেশি লেখেননি। চ্যাপেল একবার ওয়াহকে স্বার্থপর ক্রিকেটার বলে আখ্যায়িত করেছিলেন। ওয়াহ লিখেছেন, চ্যাপেল কেন তাকে পছন্দ করতেন না, তা তিনি জানেন না।
ওয়াহ (৪০) বলেন, আমি অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট কোচ বব সিম্পসনের কাজের প্রশংসা করতাম বলেই ইয়ান আমাকে অপছন্দ করে থাকতে পারেন। অথবা পুরনো ক্রিকেট গল্প স্মরণ ও বারে গিয়ে খুব বেশি মদপান করতাম না বলেই সে আমাকে অপছন্দ করে থাকতে পারে।
২০০২ সালে যেভাবে তাকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল, তাতে তিনি হতাশ হয়েছিলেন ওয়াহ তার আত্মজীবনীতে লিখেছেন।
ওয়াহ লিখেছেন, দলের সিদ্ধান্তের ব্যাপারে আমার কোন সমস্যা ছিল না।
তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ার এমন একটি দলের আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ছিল সাত নম্বর। আর আমি যখন বাদ পড়েছি, তখন এক নম্বর। অনেকদিনে খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে দলে থাকার পর দলের স্বার্থে নির্বাচকরা যে সিদ্ধান্ত ভাল মনে করে নিয়েছিলেন, তা আগে থেকে আমি জানব-এমন আশা আমি করতেই পারি।
