সংবিধানের ৬৪টি সংশোধনী অনুমোদন করেছে বিসিসিবি
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) শুক্রবার বার্ষিক সাধারণ সভায় এর সংবিধানে প্রস্তাবিত ৬৫টি সংশোধনীর মধ্যে ৬৪টি অনুমোদন করেছে। এছাড়াও সভায় ছয় বছরের আর্থিক অডিট রিপোর্ট অনুমোদন করা হয়।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় প্রথম বারের মতো ২০০৫-০৬ অর্থ বছরের বাৎসরিক বাজেট অনুমোদন করা হয়।
কারিগরি ভুলের কারণে কর্পোরেট হাউসগুলোকে বিসিসিবি’র কাউন্সিলরশীপের অনুমোদন দেয়া হয় নি।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিসিবি’র সভাপতি আলী আসগর লবি বলেন, সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলরশীপ অনুমোদন করা হয়েছে।
বিসিসিবি সহ-সভাপতি শাহ নুরুল কবির শাহিন এমপি, সাধারণ সম্পাদক মাহবুব আনাম ও যুগ্ম-সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলী আসগর লবী। তিনি বলেন, আন্তরিকভাবে সভা শেষ হয়েছে এবং সাধারণ সভার সিদ্ধান্তে কোনও ভুল থাকলে তা অচিরেই জরুরি সভা ডেকে সমাধান করা হবে।
তিনি জানান, এরপর থেকে তারা নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সচেষ্ট থাকবেন।
লবী জানান, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রী পরিষদের অনুমোদন পেলে বোর্ডের বর্তমান নাম ‘দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন বাংলাদেশ (বিসিসিবি) পরিবর্তন করে ‘ক্রিকেট বাংলাদেশ’ করা হবে।
সভায় ৪৩ দশমিক ৮১ কোটি টাকার প্রস্তাবিত বাৎসরিক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও কমিটি এ অর্থ বছরের জন্যে ৪৫ কোটি টাকার সম্ভাব্য উপার্জন বাজেট ধার্য করেছে।
