লেগস্পিন নিয়ে চিন্তিত উইন্ডিজ
ব্রিসব্রেনে ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে উইন্ডিজ অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণকে হুমকি হিসেবে না নিলেও স্পিন নিয়ে তারা বেশ চিন্তিত।
তবে উইন্ডিজ ফাস্ট পেস আক্রমনের দিকে জোর দিচ্ছে। ৩০ বছর আগে ক্যারিবিয়ান ফাস্ট বোলাররা যে গতিতে বল করতো বর্তমান বোলারদের গতি তেমন নয়। কিন্তু উইন্ডিজ কোচ বেনেট কিং জানান, তার ছেলেরা বাউন্সি পিচের বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবে। যদিও তারা অ্যাশেজ জয়ী ইংল্যান্ডের ক্রিকেটারদের মত লম্বা নয়। কিন্তু তারপরও অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার ব্যাপারে তিনি আশাবাদী।
বেনেট বলেন, আমাদের বোলাররা ইংলিশ বোলারদের চাইতে সম্পূর্ণ ভিন্ন। তারা সকলে ছয় ফুট চার ইঞ্চি এবং আমার ছেলেরা সকলে পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা। তবে আমাদের তিন/চারজন ঘন্টায় ৯০ থেকে ৯৫ মাইল বেগে কিংবা তার চেয়েও জোরে বল করতে পারে। তাই অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার ব্যাপারে আমরা আশাবাদী।
ধারণা করা হচ্ছে উইন্ডিজ দলের বোলিংয়ে নেতৃত্ব দেবেন কোরি কোলিমোর এবং তাকে সহযোগিতা করবেন টিনো বেস্ট, জারমেইন লসন এবং ফিদেল এডওয়ার্ড।
অস্ট্রেলিয়ার লেগ-স্পিন আক্রমণ প্রসঙ্গে অধিনায়ক চন্দরপল বলেন, সম্প্রতি সুপার টেস্ট ম্যাচে ওয়ার্ন ও ম্যাকগিল যা করেছেন সবাই আশা করছে এবারও তাই হবে। আমরা জানি, এ সফরটি আমাদের জন্য খুবই কঠিন কিন্তু এ ধরণের কঠিন আক্রমণ মোবকাবেলা করেই একজন টেস্ট ক্রিকেটার তৈরি হয়।
