সংবিধান সংশোধনী নিয়ে শুক্রবার বিসিবি’র এজিএম
বর্তমান সংবিধান সংশোধন ও গত ছয় বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট অনুমোদন করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা।
ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত নির্বাহী কমিটির বুধবারের দ্বিতীয় সভায় বোর্ডের ২০০৩ সালের সংবিধানের দশটি অধ্যায়ের ৩০টি ধারার মোট ৬৪টি সংশোধনীর প্রস্তাব করা হয়। সাধারণ সভায় এগুলো উত্থাপন করা হবে।
তবে সাধারণ সভার মাত্র চারদিনে আগে কাউন্সিলরদের হাতে নোটিশ পৌঁছনোয় পুরো সভাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এছাড়া কাউন্সিলরদের কাছে প্রেরিত গত ছয় বছরের অডিট রিপোর্টের ব্যাপারে কোন প্রশ্ন থাকলে নোটিশে ১৬ অক্টোবর সকাল দশটার মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। অথচ ২১ সেপ্টেম্বর ইস্যুকৃত নোটিশটি কাউন্সিলররা হাতে পেয়েছেন ১৭ অক্টোবর।
গঠনতন্ত্র না মেনে নোটিশ পাঠানোয় কাউন্সিলর ইকবাল ইউসুফ চৌধুরী ইতিমধ্যে বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বোর্ড সভাপতি বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
এ ব্যাপারে আবাহনীর কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম ববি বিস্ময় প্রকাশ করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বার্ষিক সাধারণ সভার ত্রিশ দিন আগে জানানোর নিয়ম থাকলেও সভার তিন আগে আমাদের জানানো হয়েছে। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, কেন এমনটা হলো?
তিনি বলেন, ক্রিকেট বোর্ডের শেষ বার্ষিক সাধারণ সভা ২০০০ সালে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ২০০৩ সালের সংবিধানটি কোথা থেকে এসেছে এবং কোন এজিএম-এ অনুমোদন করা হয়েছে, সে ব্যাপারে জানতে চান ববি।
সংশোধনীতে সংবিধানের চারটি ধারা বাতিল করে দশটি অধ্যায়ে নতুন ১৪টি ধারা অর্ন্তভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নাম পরিবর্তন করে ‘ক্রিকেট বাংলাদেশ’ করার বিষয়টিও অর্ন্তভুক্ত রয়েছে। তাছাড়া বিসিবি’র নির্বাহী কমিটির মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগেরও একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে এই প্রস্তাবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্ডের নিয়োগকৃত কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করবেন। অন্যদিকে প্রধান অর্থ কর্মকর্তা বোর্ডের কোষাধ্যক্ষের অধীনে কাজ করবেন।
সংশোধনীতে বোর্ড সভাপতি এবং সাধারণ সম্পাদককে বর্তমানের তুলনায় বেশি ক্ষমতা দেয়া হবে এবং সাধারণ সম্পাদক অর্থনৈতিক ব্যাপারে অনেক বেশি স্বাধীনতা ভোগ করবেন।
বোর্ডের সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সকল স্ট্যান্ডিং কমিটির সদস্য হবেন, কিন্তু কমিটিতে থাকলেও প্রধান নির্বাহীর ভোটাধিকার থাকবে না।
সাধারণ সভার আলোচ্যসূচী থেকে ‘বিলুপ্ত গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, (যদি থাকে) পরীক্ষা ও অনুমোদন’ ধারাটি বাদ দেয়া হয়েছে।
বোর্ডের অনুমোদিত সাবেক জাতীয় ক্রিকেটারদের কোন সংগঠন না থাকলে বোর্ড সভাপতি ও নির্বাহী কমিটি দশজন জাতীয় ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবে।
নতুন সংশোধনী প্রস্তাবে বিসিবি’র ‘কোচিং কমিটি’ ও ‘প্রিন্টিং, পাবলিশিং অ্যান্ড স্ট্যাটিস্টিক কমিটি’ বাতিল করা হয়েছে। কোন স্ট্যান্ডিং কমিটির কাজে সন্তুষ্ট হতে না পারলে নির্বাহী কমিটি সেই স্ট্যান্ডিং কমিটি বাতিল অথবা পূনর্গঠন করতে পারবে।
