তরুণ উইন্ডিজ দল মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার
তরুণনির্ভর কিন্তু পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্যে অস্ট্রেলিয়া পৌঁছাবে।
সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সুপার সিরিজে বিশ্ব একাদশকে পরাজিত করে অ্যাশেজ ট্রফি হারানোর বেদনা কাটিয়ে উঠেছে।
উইন্ডিজ কোচ বেনেট কিং সিরিজে ক্যারিবিয়ান দলটিকে সিরিজে আন্ডারডগ হিসেবে স্বীকার করে বলেছেন, তার দলের অতীত খ্যাতি ফিরে পেতে দীর্ঘ সময় লাগবে।
বেনেট কিং বলেন, আমি মনে করি, অভিজ্ঞতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি। ১১ জন ক্রিকেটারের বয়স ২৫ বছর এবং তারও নিচে। মাত্র দু’জনের বয়স ৩০ বছর এবং তারা আমাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তবে সব ক্রিকেটারই দলের জন্যে নিবেদিত এবং তারা যথেষ্ট পরিশ্রম করে। আমি তাদের উন্নতিতে আসলেই খুশি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি বেনেট কিংয়ের জন্যে একটি কঠিন পরীক্ষা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে স্পন্সরশিপ এবং ব্যক্তিগত চুক্তির কারণে শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞ ১০জন ক্রিকেটার খেলতে পারেনি। শ্রীলঙ্কার কাছে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে বাজেভাবে পরাজিত হয় এবং চারটি ওয়ান ডে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায়।
তবে সুখের খবর হচ্ছে, উইন্ডিজ দলে ফিরছেন ব্রায়ান লারা। লারা মাত্র ৩১৫ রান পিছিয়ে আছেন টেস্টে এলান বর্ডারের ১১,১৭৫ রানের বিশ্ব রেকর্ড থেকে।
