২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৮ জন পুলভুক্ত ক্রিকেটারের সাথে চারটি ক্যাটাগরিতে নতুন করে চুক্তি করতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বুধবার ক্রিকেট বোর্ডর এক সভা শেষে বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, নতুন চুক্তি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

১৮ ক্রিকেটারের মধ্যে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, তাপস বৈশ্য, মাশরাফি বিন মুর্তজা এবং মাঞ্জারুল ইসলাম রানার সাথে এক বছরের জন্য চুক্তি করা হবে।

ছয় ক্রিকেটার-খালেদ মাহমুদ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, নাজমুল হোসেন, তুষার ইমরান এবং এনামুল হক জুনিয়র ছয় মাসের চুক্তির আওতায় অর্ন্তভুক্ত হবেন। পুলের শাহরিয়ার নাফিস, সৈয়দ রাসেল এবং শাহাদত হোসেন রাজীবকে রাখা হবে রকি চুক্তির আওতায়।

বেতনের ক্ষেত্রে বোর্ড এবার চারটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের অর্ন্তভুক্ত করবে বোর্ড। ক্যাটাগরিগুলো হচ্ছে-এ+, এ, বি, সি (রকি)। এক্ষেত্রে বোর্ড একটি টেস্ট ম্যাচকে দু’টি ওয়ানডে হিসেবে বিবেচনা করবে।

১০১ থেকে তার উর্ধ্বে ওয়ানডে খেলা ক্রিকেটাররা এ+, ৭১ থেকে ১০০ ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটাররা এ, ৩১ থেকে ৭০ ওয়ানডে খেলা ক্রিকেটাররা বি এবং ৩০টি ওয়ানডে খেলা ক্রিকেটাররা রকি ক্যাটাগরির আওতায় থাকবে।

এর আগে একই ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে বেতনের যে পার্থক্য ছিল তবে এবার একটি ক্যাটাগরির চুক্তিভুক্ত সকল ক্রিকেটারদের ক্ষেত্রে বেতনের সেই বৈষম্য থাকছে না। সবাই সমান বেতন পাবেন।

মাহবুব আনাম জানান, আগে ক্রিকেটাররা ফলাফল অনুযায়ী বোনাস দেয়ার নিয়ম চালু থাকলেও এবার ক্রিকেটাররা সফল পার্টনারশীপ, সঠিক বোলিং, ফিল্ডিং অনুযায়ী বোনাস পাবেন। দল ম্যাচ হারলেও ভালো পারফরম্যান্সের কারণে ক্রিকেটারা বোনাস হারাবেন না।

তিনি আররও জানান, খেলোয়াড়দের ম্যাচ ফি ২০ ভাগ বাড়বে এবং প্রত্যেক খেলোয়াড় প্রতি ওয়ানডের জন্য ৫০০ এবং টেস্টের জন্য একহাজার ডলার লাভ করবেন।

অধিনায়ক এবং সহ অধিনায়ক অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাদের বেতনের যথাক্রমে ১০ ও পাঁচ ভাগ বেশি অর্থ পাবেন।