ক্রিকেট বোর্ডের এজিএম সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নিকুর লিগ্যাল নোটিশ
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কাউন্সিলর ইকবাল ইউসুফ চৌধুরী নিকু ২১ অক্টোবর অনুষ্ঠেয় বোর্ডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সিদ্ধান্ত বাতিলের জন্য বুধবার একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
বোর্ড সভাপতি আলী আসগর লবীর বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বিসিসিবি গত ২১ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভার বিষয়ে একটি নোটিশ জারি করে। কিন্তু এজিএমের চার দিন আগে অর্থাৎ ১৭ অক্টোবর কাউন্সিলররা এই নোটিশ পান।
লিগ্যাল নোটিশে নিকু বোর্ড সভাপতিকে জানান, এজিএম সংক্রান্ত নোটিশটি বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী প্রেরণ করা হয়নি।
তিনি আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এজিএমের অন্তত ৩০ দিন আগে ডাকযোগে পাঠানো চিঠির মাধ্যমে এ বিষয়ে কাউন্সিলরদের জানানোর নিয়ম থাকলেও তাকে জানানো হয়েছে এজিএমের চারদিন আগে এবং নোটিশটি ডাকযোগেও পাঠানো হয়নি।
বোর্ডের ওই নোটিশের সাথে কোষাধ্যক্ষের ছয় বছরের (১৯৯৯-২০০৫) অডিট রিপোর্টও পাঠানো হয়। এ ব্যাপারে কাউন্সিলরদের কোন কিছু জানার থাকলে ১৬ অক্টোবর সকাল দশটার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু কাউন্সিলররা নোটিশ পেয়েছেন নির্ধারিত সময়ের একদিন পর।
সুপ্রীম কোর্টের আইনজীবি ড. নাইম আহমেদের মাধ্যমে প্রেরিত লিগ্যাল নোটিশে ২৪ ঘন্টার মধ্যে এজিএমের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বোর্ডের সভাপতিকে বলা হয়েছে। অন্যথায় ইকবাল আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
নিকু আরও জানান, ২৪ ঘন্টার মধ্যে বোর্ড কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
