রাজশাহীর বিরুদ্ধে সিএবি দলের সংগ্রহ ৮১/৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বুধবার রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৭ দল দুই দিনের ম্যাচের প্রথম দিন চার উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে।
বৃষ্টির কারনে পিচ ভেজা থাকায় বেলা দেড়টায় খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে সিএবি দল ৪৫ ওভারে চার উইকেট খুইয়ে ৮১ রান করতে সক্ষম হয়। দলীয় তিন রানে ওপেনার রোহানকে দুই রানে ফিরিয়ে দিয়ে আক্রমন শুরু করেন রাজশাহী দলের বোলার মুক্তার আলী।
এরপর স্কোর বোর্ডে ২৫ রান জমা পড়তেই রাজীবের বলে ফিরে যান শ্রীভাটস গোস্বামী (৯ রান)। পরে পাঁচ রানের মধ্যে মুক্তার বাকি দু’টি উইকেটও তুলে নিলে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় সিএবি।
কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ৫১ রান যোগ করে সে যাত্রা ধকল সামাল দেয় সফরকারীরা। দিন শেষে ঋতম পোরেল ২৫ এবং অভিষেক ভৌমিক ১৬ রানে অপরাজিত থাকেন।
