জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে অনুর্ধ্ব ১৮ হকি দলের অনুশীলন
আসন্ন এশিয়ান হকি চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে মঙ্গলবার থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ হকি দলের অনুশীলন শুরু হয়েছে।
অনুশীলনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন খেলোয়াড়ের মধ্যে প্রথম দিন রিপোর্ট করেছেন ২২ জন। ভারতে ২০ নভেম্বর থেকে অনুর্ধ্ব ১৮ এশিয়ান হকি চ্যাম্পিয়নশীপ শুরু হবে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী জানিয়েছেন, কোচ জামাল হায়দার ও আব্দুল্লাহ পিরুর তত্ত্বাবধানে অনুর্ধ্ব ১৮ দলের অনুশীলনের প্রথম পর্ব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ঈদের তিনদিন পর বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু হবে।
বারী আরও জানান, ভারতে লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিকেএসপি অনুর্ধ্ব ১৮ হকি দল চুড়ান্ত পর্বের অনুশীলনে অংশগ্রহন করবে এবং ভারত যাওয়ার আগে ১৬ সদস্যের দল ঘোষণা করা হবে। বিকেএসপি দল বৃহস্পতিবার ভারত রওনা হবে।
