প্রধানমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য চার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট
প্রধানমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট জমা দিয়েছে।
ফেডারেশনের সভাপতি এস এ সুলতান এমপি’র সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই বাজেট জমা দেয়া হয়।
এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, সভায় টুর্নামেন্টের প্রাথমিক বাজেট জমা দেয়া হয়েছে, পরবর্তী সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট থেকে রাজস্ব আয়ের বিষয়টি এড়িয়ে যান।
প্রধানমন্ত্রী কাপ টুর্নামেন্টে অংশগ্রহনের ব্যাপারে এ পর্যন্ত পাঁচটি দেশ ক্লাব দল পাঠানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে। ফেডারেশন এখন উপমহাদেশ থেকে দল খুঁজছে।
সভায় অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ম্যানেজার ও দলনেতা নির্বাচনের ভার দেয়া হয় ফেডারেশনের সভাপতি এস এ সুলতানকে। তিনি বুধবার ম্যানেজার ও দলনেতা নির্বাচন করবেন।
অনুর্ধ্ব ১৭ দল দেশের মাটিতে এএফসি কাপে খেলবে, অন্যদিকে অনুর্ধ্ব ২০ দল এএফসি কাপে ইরানের বিরুদ্ধে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।
সভায় আগামী বছর রাঙ্গামাটিতে ৩০ জন মহিলা ফুটবলারকে নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়।
নির্বাহী কমিটির সভায় জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির প্রধান সাবেক কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন জাতীয় দলের দলনেতা ও ম্যানেজার হিসেবে যথাক্রমে আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও ছাইদ হাছান কাননের নাম প্রস্তাব করেন, কিন্তু নির্বাহী কমিটির সদস্যরা ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
জাতীয় ফুটবল দল মায়ানমারে একটি চারজাতি টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে ২৫ অক্টোবর দেশত্যাগ করবে।
