কার্টলির বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছে ইসিবি
একটি স্বাধীন পর্যবেক্ষন শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাসেক্সের সিমার জেম্স কার্টলির বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছে।
গত মৌসুমে দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হওয়ার পর ইসিবি কার্টলিকে (৩০) ন্যাশনাল ক্রিকেট সেন্টারের অধীনে পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্যে যাওয়ার আদেশ দিয়েছিল।
লোবোরা ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. মার্ক কিং কার্টলির বোলিং অ্যাকশনের পর্যবেক্ষণ পরিচালনা করেন। পর্যবেক্ষণ শেষে ড. কিং বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনযোগ্য কনুইয়ের স্বাভাবিক বাঁকের চেয়ে তার কনুই বেশি বাঁকে।
আইসিসি ফাস্ট বোলারদের জন্য কনুইয়ের ১৫ ডিগ্রি বাঁক অনুমোদন করে।
বোলিং অ্যাকশন শোধরানোর পর পরবর্তী বিশ্লেষণ সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্টলি বোলিং করতে পারবেন না।
অ্যাকশন শোধরানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিতে কার্টলিকে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ট্রয় কোলির শরনাপন্ন হওয়ার উপদেশ দেওয়া হয়েছে।
কার্টলি ইংল্যান্ডের হয়ে চারটি টেস্ট খেলেছেন। এছাড়া তিনি ২০০৪ সালের এপ্রিলে ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক দলে অন্তর্ভূক্ত হয়েছিলেন।
