ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ন সভা মঙ্গলবার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরামবাগস্থ কার্যালয়ে মঙ্গলবার এক জরুরী সভায় বসছে ফেডারেশনের নির্বাহী সদস্যরা। সভা শুরু বিকেল সাড়ে তিনটায়।
জরুরী সভায় আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যাপারেও সভায় আলোচনা হবে।
মায়ানমারগামী এবং এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বের জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচন করা হবে এই সভায়। তাছাড়া সভায় এএফসি কাপের জন্য অনুর্ধ্ব ১৫ ও ১৭ দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচন করা হবে।
মঙ্গলবারের সভায় নির্বাহী সদস্যরা সারা দেশব্যাপী সোহরাওয়ার্দী কাপ অনুর্ধ্ব ১৯, জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ও জাতীয় যুব স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও আলোচনা করবেন।
দেশের ফুটবলাঙ্গনে পেশাদারিত্ব আনতে ফেডারেশনের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের বিষয়টিও চুড়ান্ত হবে এই সভায়।
