কর্পোরেট লিগের তৃতীয় পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার
রাজধানীর বিভিন্ন ভেন্যুতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গ্রামীণফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের তৃতীয় পর্ব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বি গ্রুপে গতবারের রানার্স আপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খেলবে শিরোপা প্রত্যাশী বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে।
মঙ্গলবারের ম্যাচের মধ্য দিয়ে এই গ্রুপের শীর্ষস্থান নির্ধারিত হবে। বিমান এবং বেক্সিমকো দু’দলই এখন পর্যন্ত অপরাজিত। উভয়েরই সংগ্রহ চার পয়েন্ট করে।
বিমান দুই নবাগত মেট্রো রিয়েল এস্টেট এবং যমুনা ব্যাংককে যথাক্রমে ছয় উইকেট ও ৬২ রানে হারিয়েছে। অন্যদিকে বেক্সিমকো ৪২ ও ২২৯ রানে জয় পেয়েছে যথাক্রমে একমি ল্যাবরেটরিজ ও ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে।
একইদিনে ফতুল্লা স্টেডিয়ামে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করতে মুখোমুখি হবে মেট্রো রিয়েল এস্টেট ও যুমনা ব্যাংক। যমুনা ব্যাংক ৫০ রানে হারিয়েছে আরেক নবাগত দল ওরিয়ন গ্রুপকে। দুই ম্যাচে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে এখনও পয়েন্টের মুখ দেখেনি মেট্রো রিয়েল এস্টেট।
বিকেএসপি মাঠে দিনের অপর ম্যাচে শক্তিশালী একমি ল্যাবরেটরিজ খেলবে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে।
বুধবার লিগের খেলাগুলো আবারও ঢাকার বাইরে চলে যাবে। এ গ্রুপের শীর্ষ দল ইপিলিয়ন গ্রুপ বগুড়া বিভাগীয় স্টেডিয়ামে লড়বে গাজী ট্যাংকের বিরুদ্ধে। অপরাজিত দুই দল সমান চার পয়েন্ট করে সংগ্রহ করেছে।
এছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এম এম ইস্পাহানী খেলবে সাবেক চ্যাম্পিয়ন আরাফ অ্যাপালেসের বিরুদ্ধে এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই নবাগত বাংলা ক্যাট ও সিকিউরিটি এয়ার এক্সপ্রেস।
