কর্পোরেট লিগে বেক্সিমকো, ইপিলিয়ন ও গাজী ট্যাংকের সহজ জয়
গ্রামীনফোন কর্পোরেট ক্রিকেট লিগে শনিবার জয় পেয়েছে বেক্সিমকো, ইপিলিয়ন গ্রুপ এবং গাজী ট্যাংক।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বেক্সিমকো গ্রুপ ২২৯ রানে হারায় ওরিয়ন গ্রুপকে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইপিলিয়ন গ্রুপ ১৬৬ রানে বাংলা ক্যাটকে এবং ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংক ১৮ রানে হারায় এম এম ইস্পাহানী লিমিটেডকে।
বেক্সিমকো বনাম ওরিয়ন গ্রুপ
টস জিতে প্রথম ব্যাট করে বেক্সিমকো রোকন, সুমন ও আশরাফুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পাঁচ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। আর এই রান করার পথে নেতৃত্বের পুরোভাগে ছিলেন জাতীয় দল থেকে বাদ পড়া আল শাহরিয়ার রোকন। রোকন ১১৯ বলে ১৫টি চার এবং আটটি ছক্কার সাহায্যে ঝড়ো গতিতে তুলে নেন ১৪৭ রান।
এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সুমন ১০৫ বলে সাতটি চারের সহায়তায় করেন ৬৮ রান। রোকন ও সুমন দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করেন।
লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল ৫১ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে ৫৪ রান করে দলকে বড় স্কোর গড়তে সহায়তা করেন।
ওরিয়ন গ্রুপের সাইফুল ইসলাম এবং শুভ্র দু’টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ওরিয়ন গ্রুপ মাত্র ৩৬ দশমিক ২ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাজ্জাদ আহমেদ। তিনি ৪২ বলে করেন ১৯ রান।
বিজয়ী দলের স্পিনার আব্দুর রাজ্জাক রাজ এবং নাদিফ তিনটি করে উইকেট নিয়ে দুর্বল ওরিয়নের ব্যাটিং লাইন আপে ধস নামান।
দুই খেলায় বেক্সিমকোর সংগ্রহ চার পয়েন্ট।
ইপিলিয়ন গ্রুপ বনাম বাংলা ক্যাট
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইপিলিয়ন গ্রুপ নবাগত বাংলা ক্যাটকে ১৬৬ রানের বড় ব্যবধানে হারিয়ে লিগে দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে।
প্রথমে ব্যাট করে বিজয়ী দল নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট খুইয়ে ২১৫ রানের লড়াকু স্কোর গড়ে। কিন্তু একমাত্র মনিরুজ্জামান এবং ওপেনার সাজ্জাদুল হাসান ছাড়া দলের অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় নবাগতদের রানের পাহাড়ে চাপা দিতে পারেনি ইপিলিয়ন।
দলের পক্ষে ১২১ বলে ছয়টি চার ও দু’টি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান সাজ্জাদুল হাসান ধীরস্থিরভাবে খেলে ১০৮ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে করেন ৫০ রান। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন ১২৯ রান যোগ করেন।
৪৯ রানে তিন উইকেট শিকার করেন বাংলা ক্যাটের সফল বোলার আনোয়ার হোসেন মনির। এছাড়া আমিনুল ইসলাম ও রুবায়েত হক দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে বাংলা ক্যাট ২৫ দশমিক ১ ওভারে লজ্জাজনকভাবে ৪৯ রানে অল আউট হয়ে যায়। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের রান করতে সক্ষম হননি।
মাত্র ১০ রানে চার উইকেট তুলে নিয়ে নবাগতদের ব্যাটিং গুড়িয়ে দেন বিজয়ী দলের সুপার সাব হিসেবে খেলতে নামা বোলার সাজু দত্ত। পাশাপাশি শাহাদত হোসেন ১৪ রানে তিনটি এবং নাবিল সামাদ চার রানে দুই উইকেট দখল করেন।
গাজী ট্যাংক বনাম এম এম ইস্পাহানী
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শিরোপা প্রত্যাশী গাজী ট্যাংক এবং ইনিংসের এক বল বাকি থাকতেই ২৪৩ রানে অল আউট হয়ে যায়।
মূলত জাতীয় দলের অল রাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানার ব্যাটে ভর করেই মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে। তাকে যোগ্য সহায়তা দিয়ে গেছেন রিয়াদ ও জাতীয় দলের আরেক ক্রিকেটার আফতাব আহমেদ। রানা ৯৪ বলে পাঁচটি চার আর একটি ছয়ের সাহায্যে ৬৩ রান করেন।
চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ১১৭ রান যোগ করেন রানা। রিয়াদ ৮৬ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে অনবদ্য ৫১ রান করেন।
আফতাব আহমেদের ব্যাট থেকেও বেরিয়ে আসে ৫৯ রানের একটি ঝলমলে ইনিংস। ৪১ বলে সাজানো আফতাবের এই ইনিংসে কোন ছক্কা না থাকলেও চারের মার ছিল ১২টি।
ইস্পাহানীর ইয়াসির আরাফাত তিনটি, মোজাম্মেল হোসেন ও কামরুল ইসলাম দু’টি করে উইকেট নেন।
জবাবে ইস্পাহানী ৪৭ দশমিক ১ ওভারে ১৯৫ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবাল। এছাড়া কামরুল ইসলাম ৬২ বলে ৪১ ও সুপার সাব রেজাউল করিম ৩০ বলে ৩২ রান করেন।
