২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে অস্ট্রেলিয়া, ওয়ার্ন ও ম্যাকগিলের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ধরাশায়ী বিশ্ব একাদশ

লেগ স্পিনার জুটি শেন ওয়ার্ন এবং স্টুয়ার্ট ম্যাকগিলের জাদুকরী বোলিং এবং পরবর্তীতে ব্যাটসম্যানদের ধৈর্য্যশীল ব্যাটিংয়ের সুবাদে স্বাগতিক অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষেই বিশ্ব একাদশের বিপক্ষে সিডনি টেস্টে চালকের আসনে বসে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আলোর স্বল্পতার কারণে ১৩ অভার বাকি থাকতে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে। সেই সাথে ম্যাচে তারা এগিয়ে রয়েছে ২২১ রানে। হাতে রয়েছে এখনও নয়টি উইকেট।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাথু হেইডেন ২৭ ও অধিনায়ক রিকি পন্টিং ১৭ রানে অপরাজিত রয়েছেন। জাস্টিন ল্যাঙ্গার ২২ রান করে জ্যাক ক্যালিসের বলে আউট হয়ে গেছেন।

ম্যাচে ওয়ার্ন ও ম্যাকগিলের লেগস্পিন জাদুর সাহায্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি সুপার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্ব একাদশ দলের তারকা ব্যাটসম্যানদের একে একে ধরাশায়ী করেছেন। বিশ্ব একাদশ দলের প্রথম ইনিংস থেমে যায় মাত্র ১৯০ রানে।

ম্যাকগিল ৩৯ রানে চারটি ও ওয়ার্ন ২৩ রানে তিনটি উইকেট নিয়েছেন। বাকি তিনটি উইকেটের মধ্যে ম্যাকগ্রা দুটি এবং ব্রেট লি বাকি উইকেটটি নিয়েছেন।

বিশ্ব একাদশের প্রথম ইনিংসে সেওয়াগ ৭৬, ক্যালিস ৪৪ ও ফ্লিনটফ ৩৫ রান করেন।

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৪৫ রান করতে সমর্থ হয়। দ্বিতীয় দিনের শুরুতে ৩৩১ রানে ছয় উইকেট নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৪ রানে শেষ চার উইকেট হারায়।

ফ্লিনটফের তোপের মুখে পড়ে আগের দিনের ৯৪ রানের সাথে কোন রান যোগ করার আগেই গিলক্রিস্ট আউট হয়ে যান। ওয়ার্ন ও ব্রেট লিও ফ্লিনটফের বলেই আউট হয়েছেন। ম্যাকগ্রা রান আউট হয়ে যান।

ফ্লিনটফ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চারটি উইকেট নেন ৫৯ রানের বিনিময়ে।

ভারতীয় ব্যাটসম্যান সেওয়াগ যখন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই তাকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ওয়ার্ন। সেওয়াগ ৮২ বল মোকাবিলা করে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করেন।

এরপর ম্যাকগিলের শিকারে পরিণত হন ইনজামাম উল হক, ফ্লিনটফ, হার্মিসন এবং মুত্তিয়া মুরালিধরন।

অবশ্য বিশ্ব একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন ব্রেট লি। তিনি বিশ্ব একাদশের অধিনায়ক গ্রায়েম স্মিথকে ব্যক্তিগত ১২ রানের মাথায় গিলক্রিস্টের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা দ্রুত ফিরিয়ে দেন রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারাকে।

লাঞ্চের পরেই ম্যাকগ্রা ফিরিয়ে দেন উইন্ডিজ ব্যাটসম্যান লারাকে। লারার উইকেট তুলে নেয়ার সাথে সাথে গ্লেন ম্যাকগ্রা ওয়েস্ট ইন্ডিজের বোলার কোর্টনি ওয়ার্শের টেস্ট ক্রিকেটে ৫১৯ রানের রেকর্ড ভেঙ্গে ফেলেন। ম্যাকগ্রা ১১৩ টেস্ট ম্যাচে ৫২০টি উইকেট পেয়েছেন।