আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রয় কিন
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পরপরই আয়ারল্যান্ডের খ্যাতনামা ফুটবলার রয় কিন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
অবসর নেওয়ার ঘোষণা প্রদানকালে কিন সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ড উঠতে ব্যর্থ হওয়ায় দেশের সকল ফুটবল সমর্থকদের মতো আমিও হতাশ হয়েছি।
রয় কিন বলেন, আমি মনে করি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ঘরোয়া ফুটবলে অধিক মনোনিবেশ করার সময় এসেছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ২৪ বছর বয়স্ক কিন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলের ঠিক আগে আয়ারল্যান্ডের জাতীয় দলের সাবেক ম্যানেজার মাইক ম্যাককার্থির সাথে বাক-বিতণ্ডার পর কিন প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। তাকে তখন ফ্রান্স থেকে সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
এক বছর পর ম্যানেজার ম্যাককার্থির পদত্যাগ করলে তিনি জাতীয় দলের হয়ে আবার খেলা শুরু করেন।
চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের সাথে খেলায় তিনি সর্বশেষ আয়ারল্যান্ডের পক্ষে মাঠে নামেন। ওই খেলায় আয়ারল্যান্ড ১-০ গোলে হেরে যায়।
কিন ১৯৯১ সালে চিলির বিপক্ষে খেলার মধ্য দিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গণে প্রবেশ করেন। জাতীয় দলের হয়ে ৬৬ টি ম্যাচ খেলে কিন নয়টি গোল করেছেন।
