মস্কোতে পরাজিত হলেন শারাপোভা, সেমি ফাইনাল পিয়ার্স
শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা শুক্রবার দুই দশমিক তিন মিলিয়ন ডলার মূল্যের ক্রেমলিন কাপ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচে ডিনারা সাফিনার কাছে ১-৬, ৬-৪, ৭-৫ সেটে পরাজিত হয়েছেন।
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন মারাত সাফিনের বোন ডিনারা সাফিনা তার ভাইয়ের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে টেনিস খেলা শুরু করেন।
ম্যাচের প্রথম সেটে সাফিনা হেরে গেলেও ঠিকই তিনি পরের সেট দু’টি জয় করে লজ্জায় ফেলে দেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় শারাপোভাকে।
সেমি ফাইনাল ম্যাচে সাফিনা মুখোমুখি হবেন তৃতীয় বাছাই ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী মেরি পিয়ার্সের, যিনি অপর রাশিয়ান এলিনা লিখোভ্টসেভাকে ৭-৫, ৪-৬, ৭-৬ সেটে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে অ্যানাস্তাসিয়া মিসকিনাও ৬-২, ৬-৩ সেটে পরাজিত হয়েছেন এলিনা ডিমেনটিয়েভার কাছে। চতুর্থ বাছাই ডিমেনটিয়েভা মস্কোতে তার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন অবাছাই ইটালিয়ান ফ্রান্সিসকা শিয়েভার।
