পাকিস্তান সফরে ইনজুরির কারণে ইংল্যান্ড দলে নেই ট্রিমলেট
ইংলিশ ফাস্ট বোলার ক্রিস ট্রিমলেট ইনজুরির কারণে ইংল্যান্ড দলের সাথে পাকিস্তান সফরে যেতে পারছেন না।
২৪ বছর বয়সি ট্রিমলেট এখনও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। এর আগে ১৭ জনের স্কোয়াডে তার নাম থাকলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তিনি দল থেকে বাদ পড়েন। এর আগে দলের অপর পেসার সিমন জোন্সও ইনজুরির কারণে পাকিস্তান সফরে ইংল্যান্ড দলের সাথে নেই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে প্রাথমিক ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন ডারহ্যামের ফাস্ট বোলার লিয়াম প্লামকেট। অবশ্য টেস্ট স্কোয়াটে জোন্সের বদলে আগেই ডাক পেয়েছেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান মেডিক্যাল অফিসার পিটার গ্রেগরি বলেন, “ক্রিস মৌসুমের বেশির ভাগ সময় ধরে ডান হাটুর সামনে ও পিছনে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং দুঃখজনক এই যে, পাকিস্তান সফরের জন্য যেমন ফিটনেস প্রয়োজন তা তিনি দেখাতে পারেনি।”
