২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সতর্ক ফ্লেমিং

নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং বিশ্বাস করেন যে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে কিউই দল সুদক্ষ এবং শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 10:14 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিন সপ্তাহের সফরের জন্য মঙ্গলবার কিউই দল জোহানেসবার্গ এসে পৌঁছায়। সফরে নিউজিল্যান্ড স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।

শুক্রবার ওয়ান্ডার্সে উভয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে নামবে।

গত বছর ফ্লেমিংয়ের নেতৃত্বে নিউজিল্যান্ড নিজেদের মাটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে।

ফ্লেমিং বলেন, আমি জানি গত বছর যখন তারা নিউজিল্যান্ডে এসেছিল তখন আমরা তাদের বাজেভাবে পরাজিত করি। কিন্তু তারপরও আসন্ন সিরিজে আমরা ফেবারিট নই।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে আসলে সফরকারী দল কখনও ফেবারিট থাকে না। নিজেদের মাটিতে তাদের পরাজিত করা খুবই কঠিন। তবে আমরা আমাদের সক্ষমতাকে খাটো করে দেখার চেষ্টা করছি না।

সফরকারী দলে অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকাকে আশ্চর্য করেছে। তবে কিউই দলপতি জানিয়েছেন, বর্তমান নিউজিল্যান্ড দল নিয়ে তিনি খুশি এবং কেয়ার্নসের অভাব পূরণ করার মতো খেলোয়াড় তার দলের রয়েছে।

অনেক দিন পর দলে ফিরে এসেছেন তরুণ ফাস্ট বোলার শেন বন্ড। জিম্বাবুয়ে সফরে তিনি ফিটনেস এবং ফর্ম উভয় বিষয়েই সকলের মন জয় করে নিয়েছেন। প্রোটিয়াসদের দ্রুত এবং বাউন্সি পিচে শেন বন্ড কিউই দলের জন্য মূল অস্ত্র হিসেবে দেখা দেবেন বলে অনেকে আশা করছেন।

বন্ড সম্পর্কে ফ্লেমিং বলেন, বন্ডের মতো ক্রিকেটার আশেপাশে বেশি নেই এবং প্রোটিয়াসদের বিরুদ্ধে তিনি আমাদের আক্রমণ করার সুযোগ করে দিতে পারেন। ভেট্টোরির সাথে বন্ডের যুগলবন্দি বিশ্ব মানের জুটি গড়ে তোলেন। দলে আরও ভাল বোলার আছে। এসব কিছুই আমাকে ভালো অধিনায়ক হতে সাহায্য করে। এটি আমাদেরকে বিশ্বমানের দল গড়তে সহায়তা করে।

জোহানেসবার্গের পূর্বে অবস্থিত বিনোনিতে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে।

২৩ অক্টোবর ব্লোমফন্টেইনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে কিউই এবং প্রোটিয়াস দল।