কর্পোরেট লিগে বেক্সিমকো, ইস্পাহানী ও যমুনা ব্যাংকের শুভসূচনা
গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে শিরোপা প্রত্যাশী বেক্সিমকো লিমিটেড। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার বেক্সিমকো লিগে নিজেদের প্রথম ম্যাচে ৪২ রানে হারিয়েছে শক্তিশালী অ্যাকমি ল্যাবরেটরিজকে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মহিবুল করিম মিঠুর অপরাজিত ৮৩ রানে ভর করে এম এম ইস্পাহানী আট উইকেটে হারায় নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনের অপর খেলায় যমুনা ব্যাংক ৫০ রানে হারিয়েছে ওরিয়ন গ্রুপকে।
বেক্সিমকো বনাম অ্যাকমি
প্রথমে ব্যাট করে বেক্সিমকো নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটার আল শাহরিয়ার রোকন দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ৬৯ বল খেলে।
এছাড়া মোহাম্মদ আশরাফুল ৩৭ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪২ রানের এক ঝড়ো ইনিংস উপহার দেন। ফয়সাল হোসেন ডিকেন্স ২৯ ও রাশেদুল হক ২৩ রান করেন।
অ্যাকমির মোহাম্মদ রফিক তিনটি, মনি ও শান্ত দু’টি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে একমাত্র হান্নান সরকার ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। হান্নান ৯০ বলে সাতটি বাউন্ডারি ও একটি ছয়ের সাহায্যে করেন ৬৩ রান। পরে মোহাম্মদ রফিকও ব্যাট হাতে করেন ২৭ রান।
বিজয়ী দলের মাহবুব আলম তিনটি উইকেট লাভ করেন। এছাড়া আব্দুর রাজ্জাক ও শাহাজাদা দু’টি করে উইকেট দখল করেন।
এম এম ইস্পাহানী বনাম সিকিউরিটি এয়ার এক্সপ্রেস
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেস ইস্পাহানীর মোজাম্মেল হোসেন, কাজী ইয়াসিন আরাফাত ও ফাহিম মুন্তাসিরের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১৪৩ রানেই অল আউট হয়ে যায়। তিন বোলার ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন।
সাত নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন রেজাউল হক। এছাড়া ওপেনার উত্তম কুমার করেন ২৮ রান।
জবাবে ইস্পাহানী মাত্র দুই উইকেট খুইয়ে ১৪৯ রান করে জয় ছিনিয়ে নেয়। জাতীয় দলের ওপেনার নাফিস ইকবাল (১২ বলে ৩) ব্যর্থ হলেও তার সঙ্গী মিঠু ৭২ বলে সাতটি চার ও দু’টি চক্কার সাহায্যে ৮৩ রান করে অপরাজিত থেকে যান। এছাড়া কামরুল ইসলাম এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন।
যমুনা ব্যাংক বনাম ওরিয়ন গ্রুপ
টসে জিতে যমুনা ব্যাংক প্রথম ব্যাট করতে পাঠায় ওরিয়ন গ্রুপকে। কিন্তু আইনুল কবিরের মারাত্মক বোলিংয়ে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
আইনুল কবির ১০ ওভারে ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন।
ওরিয়ন গ্রুপের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের রান করতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কবির শুভ্র।
জবাবে যমুনা ব্যাংক ওপেনার মাসুমউদ্দৌলার (১৭ রান) উইকেট হারিয়ে ২১ ওভারে ৮১ রান সংগ্রহ করার পর বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যমুনা ব্যাংকে জয়ী ঘোষণা করা হয়।
