আইসিসি শীর্ষ পুরস্কার জিতেছেন যৌথভাবে ক্যালিস ও ফ্লিনটফ
ইংলিশ অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ আর দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস যৌথভাবে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা দু’জন এই পুরস্কার জিতে নেন। ৫০ সদস্য বিশিষ্ট আইসিসি অ্যাওয়ার্ড ভোটিং একাডেমির প্রাপ্ত সর্বোচ্চ ভোট লাভ করেন ফ্লিনটফ আর ক্যালিস।
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার তুলে দেয়া হয় দু’জনের হাতে।
অত্যন্ত সফল একটি বছর কাটানোর পুরস্কার পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আর সেরা সম্ভবানাময় ক্রিকেটারের পুরস্কার নিজের ঝুলিতে পুরে নিয়েছেন পিটারসেন। সাফল্যের ষোলকলা পূরণ হয় ইংল্যান্ড দল যখন ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’ লাভ করে।
আইসিসির সম্ভাবনাময় ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের আফতাব আহমেদ আর মাঞ্জারুল ইসলানার নামও ছিল, ছিল ভারতের গৌতম গাম্ভীর, দিনেশ কার্তিক আর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের নামও। কিন্তু সবাইকে পেছনে ফেলে বেশি ভোট পেয়ে বছরের সেরা সম্ভাবনাময় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আর বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন সাইমন টাওফেল।
গত বারো মাসে পিটারসেনের খেলা ওয়ানডে ম্যাচগুলো পর্যালোচনা করে দেখা গেছে তার গড় ৮৭ দশমিক ৩৩ এবং স্ট্রাইক রেট ৯৯ দশমিক ৪৯। এই পরিসংখ্যানই পিটারসেনকে সম্ভাবনাময় ক্রিকেটারের পুরস্কার এনে দেয়।
৩৪ বছর বয়স্ক অস্ট্রেলীয় আম্পায়ার সাইমন টাওফেল দশটি টেস্ট খেলুড়ে দেশের অধিনায়ক এবং আইসিসির ম্যাচ রেফারীদের এলিট প্যানেলের সাত সদস্যের ভোটে পাকিস্তানের আলীম দার ও দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেনকে টপকে সেরা আম্পায়ারের পুরস্কারটি তুলে নেন।
আইসিসি ঘোষিত বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন শ্রীলংকার অধিনায়ক মারভান আতাপাত্তু। দলের অন্য সদস্যরা হলেন: অ্যাডাম গিলক্রিস্ট, রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, ইনজামাম উল হক, অ্যান্ড্রু ফ্লিনটফ, অ্যান্ড্রু সাইমন্ডস, ডেনিয়ের ভেট্টরি, ব্রেট লি, নভেদ রানা এবং গ্লেন ম্যাকগ্রা। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে জায়গা পেয়েছেন জ্যাক ক্যালিস।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্সসেরা টেস্ট স্কোয়াডও ঘোষণা করা হয়। টেস্ট স্কোয়াডে জায়গা করে নেয়া ক্রিকেটাররা হলেন-বিরেন্দর শেওয়াগ (ভারত), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ব্রায়ান লারা (ওয়েস্ট উইন্ডিজ), ইনজামাম উল হক (পাকিস্তান), অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), শ্যেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলংকা), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)। দ্বাদশ ব্যক্তি অনিল কুম্বলে (ভারত)।
ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড নির্বাচন করে।
