নিজস্ব ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ পেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নিজস্ব ভবন নির্মাণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাড়ে দশ কাঠা জায়গা বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার জমির কাগজপত্র অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুজলুর রহমান জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন-ইউ-আহমেদের হাতে জমির দলিল তুলে দেন। ক্রীড়া পরিষদ ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পল্টন ময়দান সংলগ্ন ভলিবল ও কাবাডি মাঠের পেছনে বিওএ’র ভবন নির্মাণকাজ শুরু করার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী এনএসসি’র পক্ষ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেন। এছাড়া বিওএ’র পক্ষ থেকে সভাপতি মইন-ইউ-আহমেদ এক লাখ টাকা, ব্যাডমিন্টন ফেডারেশন একলাখ টাকা ও বিএসজেএ’র পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়।
