প্রধানমন্ত্রী কাপ ফুটবলে ৫টি দেশের অংশগ্রহন নিশ্চিত
আগামী বছর ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পাঁচটি দেশ।
দেশগুলো হচ্ছে সিরিয়া, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড। জাপান ও কোরিয়া তাদের ক্লাব দল পাঠাবে।
আটটি বিদেশী এবং চারটি স্থানীয় দলকে নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
হেলাল রোববার বিডিনিউজকে বলেন, টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য আমরা সিঙ্গাপুর, শ্রীলংকা এবং নেপালকে আমন্ত্রন জানানোর চিন্তা ভাবনা করছি।
ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়স্থ কার্যালয়ে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে হেলাল জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী সপ্তাহান্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় উন্নয়ন কাজের দিক নির্দেশনা দেবেন।
বাফুফে কর্মকর্তরা এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জ, মিডিয়া সেন্টার, মাঠ ও প্যাভিলিয়নের সংস্কার কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।
এদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার জন্য একজন সিনিয়র মন্ত্রীর মতামত নেয়ার দায়িত্ব দেয়া দেয়া হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে।
ফুটবল ফেডারেশন টুর্নামেন্টের বিভিন্ন কমিটি চুড়ান্তকরন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা চুড়ান্ত করতে ১৮ অক্টোবর আবার বৈঠকে বসছে।
ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, সহ সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এসময় উপস্থিত ছিলেন।
