হোয়াইটওয়াশ ঠেকাতে মরিয়া বিশ্ব একাদশ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ী হয়ে হোয়াইটওয়াশ ঠেকাতে মরিয়া বিশ্ব একাদশ।
মেলবোর্নের টেলস্ট্রাডোমে ৯ অক্টোবর মাঠে নামছে দু’দল। বিশ্ব একাদশ মরিয়া হলে কি হবে, দুঃশ্চিন্তা পিছু ছাড়ছেনা অধিনায়ক শন পোলকের।
এক ম্যাচ বিশ্রামে কাটিয়ে তৃতীয় ম্যাচেই দলে ফিরছেন অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। কিন্তু গ্রোয়েন ইনজুরিতে আক্রান্ত ওপেনার সাইমন ক্যাটিচের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে বিশ্ব একাদশের ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হওয়ায় শেষ ম্যাচে তারও খেলা নিশ্চিত নয়।
সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্ব একাদশের সেরা ব্যাটসম্যানরা রান খরায় থাকায় দলের ব্যাটিংলাইনে ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের উত্তরণ ঘটতে পারে। সাত নম্বর থেকে তাকে টপ অর্ডারে খেলানো হতে পারে। মিডল অর্ডারের দুই রান মেশিন ভারতের রাহুল দ্রাবিড় এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ব্যর্থ হলেও ফ্লিনটফ যথাক্রমে ৩৮ এবং ৪২ রান করেন।
দুই সুপার সাবের ভূমিকায় থাকা অসি তরুণ অলরাউন্ডার ক্যামেরন হোয়াইটের তৃতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শেষ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে আরেক অল রাউন্ডার জেমস হোপসেরও।
অন্যদিকে বিশ্ব একাদশের পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারের জায়গায় দলে ঢুকতে পারেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মাখায়া এনটিনি। মেলবোর্নে সম্পূর্ন ব্যর্থ শোয়েব আখতার।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যাটিচের খেলা না হলে গিলক্রিস্টের সাথে ব্যাট হাতে ইনিংসের গোড়পত্তন করতে নামবেন মাইক হাসি।
অস্ট্রেলিয়া: রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, সাইমন ক্যাটিচ, ডেমিয়েন মার্টিন, অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, শ্যেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, নাথান ব্রাকেন, স্টুয়ার্ট ক্লার্ক ও জেমস হোপস।
বিশ্ব একাদশ: শন পোলক, বিরেন্দর শেওয়াগ, ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ, রাহুল দ্রাবিড়, শহীদ আফ্রিদি, ডেনিয়েল ভেট্টরি, শোয়েব আখতার, মুত্তিয়া মুরলিধরন ও মাখায়া এনটিনি।
আম্পায়ার: ড্যারিল হেয়ার (অস্ট্রেলিয়া), আলীম দার (পাকিস্তান)। থার্ড আম্পায়ার: সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)। ম্যাচ রেফারী: রঞ্জন মাদুগালে (শ্রীলংকা)।
