কর্পোরেট ক্রিকেট লিগ সোমবার থেকে ছয়টি ভেন্যুতে শুরু হচ্ছে
দেশের ছয়টি ভেন্যুতে সোমবার থেকে শুরু হচ্ছে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরাফ অ্যাপারেলস এবং ইপিলিয়ন গ্রুপ।
কর্পোরেট লিগের ভেন্যুগুলো হচ্ছে-ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি মাঠ, ফতুল্লা স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম।
উদ্বোধনী দিনে আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপিতে বাংলা ক্যাট খেলবে গাজী ট্যাংক ক্রিকেটার্সের বিরুদ্ধে এবং ফতুল্লা স্টেডিয়ামে মেট্রো রিয়েল এস্টেট লড়বে বিমান বাংলাদেশের বিরুদ্ধে।
লিগ কমিটির সদস্য সচিব আলী হোসেন শনিবার জানিয়েছেন, লিগের জন্য ছয়টি ভেন্যু এই মুহূর্তে সম্পূর্নরূপে প্রস্তুত, কিন্তু অপ্রত্যাশিত বৃষ্টির আশংকা থেকেই যাচ্ছে। তিনি বলেন, যেহেতু লিগ ৩১ অক্টোবর শেষ করতে হবে, তাই বৃষ্টির কারণে কোন ম্যাচ পরিত্যক্ত হলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেয়া হবে।
কর্পোরেট ক্রিকেট লিগের আগের দু’টি আসর ভালোভাবে শেষ হলেও, এবার তৃতীয় আসরের শুরুতেই বেশ কয়েকটা হোঁচট খায় লিগ। প্রথম হোঁচট আসে পুল প্রথা নিয়ে। এবারই প্রথম কর্পোরেট লিগে খেলোয়াড়দের পুলপ্রথা চালু করা হয়। কিন্তু এই পুলপ্রথার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতীয় দলের স্পিনার এনামুল হক জুনিয়র আর পেসার আনোয়ার হোসেন মনিরের মত ক্রিকেটাররা। দু’জনেই দল বদলের একেবাবে শেষমুহূর্তে দল খুঁজে পেয়েছেন।
এছাড়া লিগ কমিটি গতবারের তিন শক্তিশালী দল গ্রামীনফোন, সিটিসেল এবং একটেলকে ধরে রাখতে ব্যর্থ হয়। দলবদল চলাকালীন সময়ে দু’টি কর্পোরেট হাউস লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে আরেকদফা সংকট দেখা দেয়।
তবে শেষ পর্যন্ত সকল বাধা কাটিয়ে লিগ কমিটি ১২টি দল পেয়ে যায়। দলগুলো লিগে দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
লিগে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে বেক্সিমকো গ্রুপ, অ্যাকমি ল্যাবরেটরিজ, আরাফ অ্যাপারেলস, এমএম ইস্পাহানী, ইপিলিয়ন গ্রুপ এবং বিমান বাংলাদেশ তুলনামুলক শক্তিশালী দল গড়েছে, আর শিরোপা লড়াইটাও মুলত এদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধরে নেয়া যায়।
