এসএ ও কমনওয়েলথ গেমসের প্রশিক্ষণ সোমবার শুরু
আসন্ন এসএ (সাউথ এশিয়ান) গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে দশটি ইভেন্টের অনাবাসিক প্রশিক্ষণ শুরু হচ্ছে সোমবার।
ইভেন্টগুলো হলো-কাবাডি, অ্যাথলেটিকস, শ্যূটিং, সাঁতার, কুস্তি, তায়কন্দো, ভারোত্তোলন, কারাতে, বক্সিং ও ভলিবল।
আগামী বছর ১৫ থেকে ২৮ মার্চ মেলবোর্নে কমনওয়েলথ গেমস এবং ১৮ থেকে ২৮ এপ্রিল শ্রীলংকায় এসএ গেমস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস, সাঁতার, শ্যূটিং এবং ভারোত্তোলনে অংশগ্রহন করতে পারে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেনিং এন্ড কোচিং কমিটির চেয়ারম্যান তৈয়বুর রহমান জানান, প্রথম পর্যায়ের অনাবাসিক শিবির ঈদুল ফিতরের আগ পর্যন্ত চলবে। ঈদের পরপরই শুরু হবে প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ের প্রশিক্ষণের জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশন সাড়ে আট লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন তৈয়বুর রহমান।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে কারাতে ও ভলিবল, জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে তায়কন্দো ও কুস্তি, আর্মি স্টেডিয়ামে অ্যাথলেটিকস, গুলশান শ্যূটিং কমপ্লেক্সে শ্যূটিং প্রশিক্ষণ চলবে। কবাডি ও ভারোত্তোলন প্রশিক্ষণ তাদের নিজস্ব স্থানে এবং বক্সিংয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে মোহাম্মদ আলী বক্সিং কমপ্লেক্সে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রশিক্ষণের জন্য দশটি ইভেন্ট বাছাই করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি এসএ গেমসের জন্য ৬০ লাখ এবং কমনওয়েলথ গেমসের প্রশিক্ষণের জন্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
