২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র উচিত বিশ্ব একাদশের ধারনাটি ধরে রাখা : জন রাইট

বেশ কয়েক বছর ধরেই বিশ্ব একাদশের ধারনাটি চালু হয়েছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর সেরা ক্রিকেটারদের নিয়ে আইসিসি ঘোষিত বিশ্ব একাদশ বর্তমানে লড়ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজটি ইতিমধ্যে ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বিশ্ব একাদশের এই ভরাডুবির পরও বিশ্ব একাদশের ধারনাটি বহাল রাখা উচিত বলে মনে করেন এই মুহূর্তে বিশ্ব একাদশের কোচ জন রাইট।

মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ম্যাচে ৯৩ রানে এবং শুক্রবার দ্বিতীয় ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড সেঞ্চুরির সুবাদে ৫৫ রানে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হার মানে তারকাখচিত বিশ্ব একাদশ।

আগামী সপ্তাহে সিডনিতে শুরু হবে দু’দলের মধ্যকার ছয়দিনের টেস্ট। অবশ্য এর আগে ডকল্যান্ডেই নিয়ম রক্ষার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বিশ্ব একাদশ আর অস্ট্রেলিয়া।

বিশ্ব একাদশের ধারনা সম্পর্কে কোচ রাইট বলেন, খুবই ভালো একটি ধারনা, এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা একসাথে খেলার সুযোগ লাভ করে। তিনি বলেন, আমি পুরো সপ্তাহ জুড়ে দেখলাম, ক্রিকেটাররা ব্যাপারটি কতটা উপভোগ করছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারছে।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বিশ্ব একাদশ তাদের সামর্থ্যরে পুরোটা কাজে লাগাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে দিয়েছেন জন রাইট।

নিউজিল্যান্ডের এই কোচ বলেন, আমরা এখানে ম্যাচ জেতার জন্যই এসেছি। আমরা হারতে পছন্দ করি না।

বিশ্ব একাদশের হারের কারন হিসেবে রাইট মনে করেন, সুপার সিরিজে অংশগ্রহনের জন্য দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলেই এমনটা হয়েছে।

জন রাইট বলেন, প্রথম ম্যাচে আমরা কিছুটা আড়ষ্ট ছিলাম। এর কারন হচ্ছে, ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতি ছিলনা। তবে জয়ের জন্য পুরো কৃতিত্ব অস্ট্রেলিয়াকেই দিতে চান রাইট। তিনি বলেন, প্রথম ম্যাচে তাদের বোলিং ভালো হয়েছে। দ্বিতীয় ম্যাচে গিলক্রিস্ট একাই ম্যাচ বের করে নিয়ে গেছে।