সুপার সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না ম্যাকগ্রার
মেলবোর্নে ৭ অক্টোবর সুপার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার।
অন্যদিকে বিশ্ব একাদশ থেকে বাদ পড়ছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। তার পরিবর্তে দলে ঢুকছেন ওয়েস্ট উইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।
সিরিজের প্রথম ম্যাচে সাত ওভারে ১৩ রানের বিনিময়ে দুই উইকেট নেয়ার পর ম্যাকগ্রার পায়ের মাংসপেশীতে টান ধরায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। ম্যাকগ্রার পরিবর্তে অভিষেক ঘটতে যাচ্ছে নিউ সাউথ ওয়েলসের ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্কের।
পাকিস্তানের তারকা অল রাউন্ডার শহীদ আফ্রিদি প্রথম ম্যাচে মুরলিধরনের পরিবর্তে ইনিংসের শেষ দিকে সুপার সাব হিসেবে মাঠে নামেন। তবে মাঠে নামলেও বল করারই সুযোগ পাননি আফ্রিদি। ব্যাট হাতে রান করেন মাত্র দুই।
অস্ট্রেলিয়া: অ্যাডাম গিলক্রিস্ট, সাইমন ক্যাটিচ, রিকি পন্টিং (অধিনায়ক), ডেমিয়েন মার্টিন, মাইকেল ক্লার্ক, অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল হাসি, শ্যেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট, ব্রেট লি, নাথান ব্রাকেন, স্টুয়ার্ট ক্লার্ক।
বিশ্ব একাদশ: ক্রিস গেইল, বিরেন্দর শেওয়াগ, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ, শন পোলক (অধিনায়ক), ডেনিয়েল ভেট্টরি, মুত্তিয়া মুরলিধরন, শোয়েব আখতার।
