২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইট চালু

নিজস্ব ওয়েবসাইট খোলার মধ্য দিয়ে ইন্টারনেট যুগে পা রাখল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি)। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো বিসিসিবি’র ওয়েবসাইট tigercricket.com।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বোর্ডের সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এমপি আনুষ্ঠানিকভাবে বিসিসিবি’র এই ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। বোর্ডের যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, প্রধান নির্বাহী ম্যাকি দুধিয়া, ওয়েবসাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিজিটাল গ্রুপের চেয়ারম্যান আহসানুল ইসলাম এবং নির্বাহী পরিচালক আজিজুল কবির এসময় উপস্থিত ছিলেন।

ডিজিটাল গ্রুপ সম্পূর্ন নিজস্ব খরচে ওয়েবসাইটটি তৈরী করেছে। তবে এর থেকে অর্জিত অর্থের পঞ্চাশভাগ পাবে ক্রিকেট বোর্ড।

অনুষ্ঠানে বিসিসিবি সহসভাপতি শাহীন বিসিসিবি’র নিজস্ব ওয়েবসাইট চালু একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।

বোর্ডের প্রধান নির্বাহী ম্যাকি দুধিয়া বলেন, যেহেতু প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের নিজস্ব ওয়েবসাইট আছে তাই বিসিসিবি’র এই নতুন ওয়েবসাইট এবং ক্রিকইনফো’র মধ্যে কোন ঝামেলা হবে না।

বিসিসিবি’র যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন আশা প্রকাশ করেন এই ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে বিসিসিবির সাথে নতুন প্রজন্মের সম্পর্ক আরও জোরদার হবে।

বোর্ডের নতুন এই ওয়েবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলের কার্যক্রমের তথ্য পাওয়া যাবে। এছাড়া অনলাইন পোল, অনলাইন ক্রিকেট কুইজের মত আকর্ষনীয় বিষয়গুলো থাকবে এই ওয়েবসাইটে। এর মাধ্যমে জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এর ব্যবহারকারীরা। বোর্ডের সবধরনের প্রেস বিজ্ঞপ্তি, পরিসংখ্যান, ক্রিকেট কলাম অর্ন্তভুক্ত থাকবে এতে।