২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ষিক ক্রিকেট ক্যালেন্ডার ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার ২০০৫-০৬ সালের ঘরোয়া ও আন্তর্জাতিক সাময়িক ক্রিকেট সূচী ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় কর্পোরেট ক্রিকেট লিগের মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে। এরপর ১৫ অক্টোবর থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট।

দেশের একমাত্র প্রথম শ্রেনীর ক্রিকেট লিগ-জাতীয় লিগ নভেম্বর থেকে আগামী বছর মার্চ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে জাতীয় লিগের তিনটি পর্ব অনুষ্ঠিত হবে। ২০দিন ব্যাপী প্রথম পর্ব ৮ নভেম্বর, ১৩ দিনের দ্বিতীয় পর্ব ৬ জানুয়ারি এবং চুড়ান্ত পর্ব ১৮ ফেব্রুয়ারি শুরু হবে।

১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের মর্যাদাপূর্ণ ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। লিগের খেলাগুলো জাতীয় লিগের মাঝের বিরতিতে অনুষ্ঠিত হবে। লিগ চলবে আড়াই মাস ব্যাপী। ঢাকা লিগের ১৫ দিনব্যাপী সুপার লিগের খেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি।

এছাড়া প্রথম বিভাগ লিগ ২০ নভেম্বর এবং তৃতীয় বিভাগ লিগ শুরু হবে ২৪ জানুয়ারি।

সিনিয়র ক্রিকেট লিগ শেষ হওয়ার পর আগামী এপ্রিলে বসবে জাতীয় যুব চ্যাম্পিয়নশীপের আসর। জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ এবং অনুর্ধ্ব ১৭ বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ এবং অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে।

আন্তর্জাতিক সূচীতে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ খেলবে। শ্রীলংকা ২৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে। প্রথমবারের মত বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে।

জানুয়ারিতে বাংলাদেশ আফ্রো এশিয়ান এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে। ৬ জানুয়ারি থেকে শুরু টুর্নামেন্ট চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

১৪ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর সময়ে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল কয়েকটি সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করবে। ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ সফর করবে শ্রীলংকা অনুর্ধ্ব ১৯ দল। বাংলাদেশে অবস্থানকালে শ্রীলংকার জুনিয়র দলটি বেশ কয়েকটি সীমিত ওভারের ম্যাচ খেলবে।

এছাড়া এমাসেই বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অ্যাসোসিয়েমন অব বেঙ্গল অনুর্ধ্ব ১৭ দল।