আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল স্ট্যামফোর্ড
স্ট্যামফোর্ড আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার টুর্নামেন্টের ফাইনালে সাডেন ডেথে ৫-৪ গোলে হারে ইবাইস বিশ্ববিদ্যালয়।
নির্ধারিত ৯০ মিনিট, অতিরিক্ত ২০ মিনিট এবং পেনাল্টিতে ফলাফল নির্ধারিত না হওয়ায় খেলা সাডেন ডেথে গড়ায়। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইবাইস বিশ্ববিদ্যালয়ের মামুন মিয়া। নয় গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এশিয়ান বিশ্ববিদ্যালয়ের মাসুদ খান।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এ এ সুলতান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।
