২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের নিয়েও এক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারল না আইসিসি বিশ্ব একাদশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে বুধবার সুপার সিরিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৩ রানে হেরে গেছে বিশ্ব একাদশ। অস্ট্রেলিয়াকে ২৫৫ রানে বেধে ফেলেও বিশ্ব একাদশ ১৬২ রানে অল আউট হয়ে যায়।

সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া বিশ্ব একাদশের জয়টা তাদের হাতের মুঠোয় ছিল বলা যায়। কিন্তু ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতায় তা সম্ভব হয়নি। ব্যাটসম্যানরা কতটা ব্যর্থ হয়েছেন, তা দলের ব্যাটিংয়ের চিত্র দেখলেই বোঝা যায়। মাত্র চারজন ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরোতে সক্ষম হন। এর মধ্যে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে।

সাঙ্গাকারা ৯৪ বলে সাতটি চারের সহায়তায় ৬৪ রান করেন। কিন্তু শেওয়াগ, লারা, দ্রাবিড়, ক্যালিস, পিটারসেন সবাই যেন আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন। তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি তারা একেক জন নিজ দেশের সেরা খেলোয়াড়। তবে অ্যাশেজ হিরো ফ্লিনটফ বল হাতে সাফল্য না পেলেও ব্যাট হাতে করেছেন ৩৮ রান। ফ্লিনটফ এই রান করার পথে বল খেলেছেন ৫১টি।

শেষ দিকে বোলার হিসেবে সফল নিউজিল্যান্ডের স্পিনার ভেট্টরি ১৫ আর পাকিস্তানের শোয়েব আখতার ১০ রান করে অস্ট্রেলিয়ার জয় বিলম্বিত করেন। অস্ট্রেলিয়ার বোলাদের মধ্যে শ্যেন ওয়াটসন ৪৩ রানে তিন উইকেট নিয়ে বিশ্ব একাদশের ব্যাটিংয়ে ধস নামান। এছাড়া ম্যাকগ্রা ও ব্রেট লি নেন দু’টি করে উইকেট।

এর আগে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। আর সেই থেকে খোঁচা খাওয়া আহত বাঘের মত ফুঁসছিল অসিরা। ফিরে আসার জন্য মওকা পেয়েছে সুপার সিরিজ। টসে জিতে তাই অসি অধিনায়ক রিকি পন্টিং চোখ বুজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আশা বিশ্ব একাদশকে রানের পাহাড়ে পিষ্ট করবেন।

অসিদের সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট আর সাইমন ক্যাটিচ বিশ্ব একাদশের দুই উদ্বোধনী বোলার দক্ষিণ আফ্রিকার শন পোলক আর পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারকে বেধড়ক পিটিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন।

সময়ের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া বিশ্ব একাদশের ঘাড়ে খনিকের জন্য হলেও ইজ্জত হারানোর ভয় চেপে বসে। এই জুটিতে ১৫ ওভারেই রান উঠে ৮০। অসি উইকেট রক্ষক ওপেনার গিলক্রিস্ট ৪৮ বলে ৪৫ রান করে চেঞ্জ বোলার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের শিকারে পরিনত হন।

এরপরই যেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে মড়ক লাগে। ক্যাটিচ একপ্রান্ত আঁকড়ে খেলে গেলেও অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ধীর স্থিরভাবে খেলা এই ওপেনারের ৫৮ রানের ইনিংসটি শেষ হয় মুরলির ঘূর্ণিতে। নিজের বলে ক্যাটিচের উইকেটটি লুফে নেন মুরলি। শ্রীলংকান এই স্পিন জাদুকর অবশ্য শুন্যরানে ডেমিয়েন মার্টিনকেও ফিরিয়ে দিয়েছেন।

আগের দিন দল ঘোষনার সময়েই পরিস্কার হয়ে গিয়েছিল এই পিচে রাজত্ব করবেন স্পিনাররা। শেষ পর্যন্ত হয়েছেও তা ই। অসিদের পতন হওয়া আট উইকেটের মধ্যে ছয়টিই গেছে স্পিনারদের ঝুলিতে। এর মধ্যে নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরি চারটি আর মুরলি দু’টি উইকেট দখল করেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মাঝামাঝিতে অবশ্য অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইক হাসি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ফনা তোলার আগেই ভেট্টরি তা থামিয়ে দেন। ভেট্টরির স্পিন দুজনেরই স্ট্যাম্প ভেঙ্গে দেয়। হার্ডহিটার সাইমন্ডস ৩৬ এবং হাসি ৩২ রান করেন। এছাড়া অধিনায়ক পন্টিং ২৩ আর শেষ দিকে ফাস্টবোলার ব্রেট লি ১৭ বলে একটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান।

অসিরা যে গতিতে রান তোলা শুরু করেছিল, সেই গতি শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় স্কোর বোর্ডে আট উইকেটে ২৫৫ রান ওঠার পরই তাদের ইনিংস শেষ হয়ে যায়।

এই মাঠেই শুক্রবার (৭ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।