বিশ্ব একাদশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫৫
টস জিতে রিকি পন্টিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর অসি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট এবং সাইমন ক্যাটিচ সুপার সিরিজ টুর্নামেন্টের প্রথম ওয়ান ডে ম্যাচে বেশ ভাল শুরু করলেও অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত আট উইকেটে ২৫৫ রান তুলেছে।
অ্যাডাম গিলক্রিস্ট ৪৫ এবং সাইমন ক্যাটিচ ৫৮ রান করেন।
বিশ্ব একাদশের পক্ষে বোলিংয়ে নেতৃত্ব দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। বেশ ভালই বেলিং করলেও উইকেটের দেখা পাননি তিনি।
অপর প্রান্তে বিশ্ব একাদশের অধিনায়ক শন পোলক বোলিং করতে আসেন।
তবে গিলক্রিস্ট এবং ক্যাটিচ বিশ্ব একাদশের ওপেনিং পেসারদের বেশ ভালই জবাব দিচ্ছিলেন। আর তখনই বিশ্ব একাদশের অধিনায়ক বোলিং পরিবর্তন করে মাঠে নামান এন্ড্রু ফ্লিনটফকে।
অস্ট্রেলিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন জ্যাক ক্যালিস। গিলক্রিস্টকে ব্যক্তিগত ৪৫ রানের মাথায় প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন তিনি। মাঠে নামেন অসি দলপতি রিকি পন্টিং। মাঠে নেমেই তিনি ফ্লিনটফের বল স্কয়ার-লেগের উপর দিয়ে সীমানার বাইরে পাঠান। এটি ম্যাচের প্রথম ছক্কা। কিন্তু পন্টিং বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে বিশ্ব একাদশের অধিনায়ক শন পোলক ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ান দলপতি রিকি পন্টিংকে।
ডেমিয়েন মার্টিন রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান। অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরণের স্পিনের ফাঁদে পা দিয়ে ড্যানিয়াল ভেট্টোরির হাতে ধরা দেন মার্টিন।
এবার ক্যাটিচের সঙ্গি হন এন্ড্রু সাইমন। তিনি ব্যাক্তিগত ৩৬ রান করার পর ভেট্টোরির বলে ফ্লিনটফের হাতে ধরা দেন।
সুপার সাব হিসেবে মাঠে নামেন অল-রাউন্ডার ক্যামিরন হোয়াইট। এটা তার অভিষেক ওয়ান ডে ম্যাচ। অপর অসি অল-রাউন্ডার ব্রাড হগের হাটুর ইনজুরির কারণে তিনি ম্যাচ খেলার সুযোগ পান।
এদিকে বিশ্ব একাদশ সুপারসাব হিসেবে আফ্রিদিকে নির্বাচিত করে।
ভেট্টোরির দ্বিতীয় শিকারে পরিণত হন ক্লার্ক। এরপর ভেট্টোরি একে একে ফিরিয়ে দেন হোসি এবং ওয়াটসনকে।
বিশ্ব একাদশের পক্ষে ৩৩ রানের বিনিময়ে সর্বোচ্চ চার উইকেট নেন ভেট্টোরি। তাছাড়া মুরালি দু’টি এবং পোলক ও ক্যালিস একটি করে উইকেট পান।
বিশ্ব একাদশ ২৫৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
