পাকিস্তান সফরে ইংল্যান্ড দলে থাকছেন না সাইমন জোন্স
ইংলিশ পেসার সাইমন জোন্স পাকিস্তান সফরে ইংল্যান্ড দলে থাকছেন না। ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে মঙ্গলবার ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি।
আগস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট চলাকালে গ্লামারগনের এই পেসার ইনজুরির কবলে পড়েন। আর সে কারণেই ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে পারেননি। ইংল্যান্ড এবং ওয়েল্স ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান মেডিকেল অফিসার পিটার গ্রেগরি এক বিবৃতিতে বলেন, আমরা সাইমন জোন্সের গোড়ালি যথাস্থানে বসানোর জন্য বহুবার চেষ্টা করেছি। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তাই তাকে বাদ দেওয়া ছাড়া কোন উপায় ছিল না। ফিটনেস ফিরে পেতে তার হাতে প্রচুর সময় রয়েছে। তবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ভারত সফরের সময় নির্বাচকরা তাকে হাতে পাবে।
পাকিস্তান সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ইংল্যান্ড দল ২৬ অক্টোবর পাকিস্তান যাবে। নভেম্বরের ১২ তারিখে মুলতানে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
এদিকে গত মাসে পাকিস্তান সফরের জন্য ঘোষিত ১৭-সদস্যের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার ক্রিস ট্রিমেল্ট। তবে তিনিও কনুইয়ের ইনজুরির জন্য চিকিৎসা নিচ্ছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম চার টেস্ট ম্যাচে ট্রিমেল্ট ইংল্যান্ডের দ্বাদশ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন।
জোন্স অ্যাশেজ সিরিজে গড়ে ২১ রান দিয়ে ১৮ উইকেট পেয়েছেন।
