২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারের শিরোপা নৌবাহিনীর ঘরে

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার কেয়া কসমেটিকস ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে রুবেল রানা, ডলি আক্তার, সবুরা খাতুন এবং লাবনী আক্তার জুঁই নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চারদিনব্যাপী প্রতিযোগিতা শেষে ১৬টি স্বর্ন, চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতবারের রানার্স আপ বিজেএমসি নয়টি স্বর্ন, ১৩টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে স্থান ধরে রেখেছে। সাতটি স্বর্ন, আটটি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে বিকেএসপি।

নৌবাহিনীর রুবেল রানা সবচেয়ে বেশি স্বর্নপদক লাভ করেন। তার স্বর্ন শিকারের সংখ্যা ১০। এর মধ্যে আবার ব্যক্তিগত ইভেন্ট সাতটি এবং বাকি তিনটি দলগত। দু’টি জাতীয় রেকর্ডও জমা পড়েছে তার ঝুলিতে। রুবেল রানার পরই চারটি স্বর্নপদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের জুয়েল রানা। নৌবাহিনীর নিয়াজ আলী একটি স্বর্ন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

মহিলাদের বিভাগে বিজেএমসির সবুরা খাতুন পাঁচটি স্বর্ন, তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ নিয়ে সাতারুদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। পাঁচটি জাতীয় রেকর্ডও করেছেন সবুরা। পাঁচটি স্বর্নপদক নিয়ে তারপরেই অবস্থান করছেন আনসারের লাবনী আক্তার জুঁই। তার ভান্ডারে জমা পড়েছে তিনটি জাতীয় রেকর্ড। বিজেএমসির ডলি আক্তার চারটি স্বর্নপদক ও দু’টি জাতীয় রেকর্ড গড়ে তৃতীয় স্থানে রয়েছেন।

সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি রিয়ার এডমিরাল এম হাসান আলী। পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকসের আনিসুজ্জামান দিপু এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

শেষ দিনে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর রুবেল রানা এক মিনিট এক দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল এক মিনিট দুই দশমিক ৫৫ সেকেন্ড।

মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিজেএমসির ডলি আক্তার এক মিনিট আট দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিজেএমসির সবুরা খাতুন পূর্বেকার জাতীয় রেকর্ডের (একমিনিট ২০ দশমিক ৭০ সেকেন্ড) চাইতে কম সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি সময় নেন এক মিনিট ১৯ দশমিক ৭৪ সেকেন্ড।

বাংলাদেশ আনসারের লাবনী আক্তার জুঁই ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ছয় মিনিট ছয় দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন।

পুরুষ বিভাগে নৌবাহিনীর রুবেল রানা জাতীয় রেকর্ড গড়া ছাড়াও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চার মিনিট ৫৭ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে স্বর্নপদক জিতে নেন।

মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিন মিনিট দুই দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ডলি আক্তার। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর জুয়েল রানা ৫৫ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই মিনিট ৩৩ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্নপদক লাভ করেন সেনাবাহিনীর জাহাঙ্গীর আলম।

পুরুষদের ৪ x ১০০ মিটার মিডলে রিলেতে রুবেল রানা, জুয়েল রানা, নিয়াজ আলী ও মনিরুল ইসলামকে নিয়ে গঠিত নৌবাহিনী দল স্বর্নপদক লাভ করে।

মহিলাদের ৪ x ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্নপদক জিতে নেয় আফসানা তালুকদার, বিথী খাতুন, মহফুজা খাতুন ও নাসিমা খাতুনের সমন্বয়ে গঠিত বিকেএসপি দল।

এক মিটার ও তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে স্বর্নপদক লাভ করেন সেনাবাহিনীর আনিসুর রহমান।

পাঁচ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে স্বর্নপদক জেতেন সেনাবাহিনীর এমারত হোসেন। ওয়াটার পোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও নৌবাহিনী রানার্স আপ হয়।