দ্বাদশবারের মত প্রিমিয়ার হ্যান্ডবলের শিরোপা জিতল বিডিআর
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে সোমবার বিডিআর লিগের শেষ ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত হ্যান্ডবল লিগের ১৩টি আসরের মধ্যে বিডিআর ১২বার শিরোপা লাভ করে। ১৯৯১-৯২ সালে একবার শিরোপা লাভ করে সুর্যোদয় ক্রীড়া চক্র।
শেষ ম্যাচে বিডিআর ২৫-১০ গোলে হারায় নারিন্দা প্রগতি বয়েজকে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-৯ গোলে এগিয়ে ছিল। বিডিআরের অলিয়ুর ছয়টি, মোজাম্মেল, খায়রুজ্জামান ও কামরুল পাঁচটি করে গোল করেন। নারিন্দা প্রগতির পক্ষে সুলতান চারটি ও শিবলি তিনটি গোল করেন।
ছয় ম্যাচে বিডিআরের পয়েন্ট ১৮ অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজের সংগ্রহ ১৫ পয়েন্ট।
খেলা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
