ইংল্যান্ডকে মোকাবেলা করতে প্রস্তুত মুস্তাক
পাকিস্তানি লেগ-স্পিনার মুস্তাক আহমেদ আত্মবিশ্বসের সাথে বলেছেন যে, নির্বাচকরা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে তাকে দলভুক্ত করেন তাহলে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
সাসেক্সর পক্ষে টানা কয়েক বছর ইংলিশ কাউন্টি লিগে খেলার কারণেই তার মধ্যে এ বিশ্বাস জন্মেছে বলে দাবি করেন ৩৫ বছর বয়সী এই লেগি। সাসেক্সের পক্ষে তিনি ৮০টি উইকেট পান।
মুস্তাক বলেন, আমাকে যদি আবারও দলে ডাকা হয় তাহলে আমি এখনও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিনের ফাঁদে ফেলতে পারবো। মুস্তাক আহমেদ দীর্ঘ দুই বছর ধরে পাকিস্তান জাতীয় দলের বাইরে রয়েছেন।
এদিকে পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক এবং কোচ বব উলমারও তাকে দলের নেওয়ার ব্যাপারে আগ্রহী।
তিনি আরও বলেন, আমি ইংল্যান্ডের কাউন্টি লিগে বোলিং করাটা উপভোগ করছি। দেশ যদি আমাকে প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই আমার সার্ভিস পাবে এবং খোদা না করুক যদি আমি দলে নাও ডাক পাই তার পরও আমি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সম্পর্কে আমার ধারণা এবং অভিজ্ঞতা অন্যদের কাছে পৌঁছে দিতে আমি প্রস্তুত।
মুস্তাক আহমেদ পাকিস্তানের পক্ষে ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন। দুই বছর আগে শেষ বার তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামেন।
তিনি বলেন, এন্ড্রু ফ্লিনটফ এবং কেভিন পিটারসনের মত ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ড এ মুহূর্তে খুবই আত্মবিশ্বাসী দল। কিন্তু তাদের ব্যাপারে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। অল্প রানের ভিতরেই তাদের ফিরিয়ে দিতে পারবো বলে আশা রাখি।
পাকিস্তান সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে নভেম্বরের ১২ তারিখে মুলতানে।
