মহিলা ক্রিকেট সিরিজে সফরকারী ভারতের কাছে পাকিস্তানের হোয়াইট ওয়াশ
ভারতীয় জুনিয়র মহিলা ক্রিকেট দল পাকিস্তান সফরের শেষ ওয়ান ডে ম্যাচে স্বাগতিকদের ৯৯ রানে পরাজিত করেছে।
এ জয়ের ফলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত ক্রিকেট সিরিজে ভারতীয় জুনিয়র মহিলা দল ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান মহিলা দলকে।
এ সিরিজের মাধ্যমে ভারতীয় অনুর্ধ্ব ২১ মহিলা ক্রিকেট দল তাদের ক্ষমতা প্রমাণ করেছে। রোববার সিরিজের শেষ ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে ৪০ ওভারে ভারতীয় মহিলা দল চার উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক করুণা জৈন (৫৯) এবং থিরাস কামিনী (৬৩) হাফ-সেঞ্চুরি করেন।
পাকিস্তান মহিলা দলের রানের চাকা ৪০ ওভারে নয় উইকেটে ১১৬ রানেই থেমে যায়। স্বাগতিক পাকিস্তান দলের পক্ষে সানা মীর ১৫ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। ম্যাচে কখনই পাকিস্তান মহিলা দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি। ধারাবাহিক উইকেট হারাতে থাকে তারা, যার ফলে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত হতে বাধ্য হয় তারা।
সম্পূর্ণ সিরিজ জুড়ে ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শণের জন্য করুণা জৈনকে সিরিজের সেরা খেলোয়ার নির্বাচিত করা হয়েছে।
প্রথম তিনটি ম্যাচের দু’টিতে যথাক্রমে ৩০ ও ৩৩ রানের এবং অপর ম্যাচে আট উইকেটে জয় পায় ভারতীয় জুনিয়র মহিলা দল।
এ বছরের ডিসেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় প্রথমবারের মত মহিলাদের এশিয়া কাপে ভারতীয় সিনিয়র দল অংশ গ্রহণ করবে। এশিয়া কাপের অন্যদলগুলো হল পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
