২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি থেকে ফুটবল বাদ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং ও কোচিং কমিটি ফুটবলকে সাউথ এশিয়ান গেমসের জন্য প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রমের বাইরে রেখেছে। সাফ গেমসকে সামনে রেখে ১০ অক্টোবর থেকে বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণ শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আগামী বছর ১৮ থেকে ২৮ এপ্রিল দক্ষিণ এশিয়ার বহৎ ক্রীড়া আসর সাফ গেমস শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে।

বিওএ’র ট্রেনিং কমিটি রোববার এক সভায় সাউথ এশিয়ান এবং কমনওয়েলথ গেমসের প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে দশটি ইভেন্ট নির্বাচন করেছে। কমনওয়েলথ গেমস ১৫ থেকে ২৮ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত ইভেন্টগুলো হচ্ছে-কাবাডি, অ্যাথলেটিকস, শ্যুটিং, সাঁতার, কুস্তি, তায়কন্দো, ভারোত্তলন, কারাতে, বক্সিং এবং ভলিবল।

প্রশিক্ষণ কার্যক্রমের বাইরে রাখা ইভেন্টগুলো হচ্ছে-টেবিল টেনিস, জুডো, ব্যাডমিন্টন এবং ফুটবল। প্রশিক্ষণ ১০ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ঈদ পর্যন্ত। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায় ঈদের পরপরই শুরু হবে।

সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ছাড়া বাকি ১৩টি ফেডারেশনের প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রীড়া পরিষদ প্রশিক্ষণের জন্য সম্প্রতি ৮৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে সাউথ এশিয়ান গেমসের জন্য ৬০ লাখ টাকা এবং কমনওয়েলথ গেমসের জন্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের ভেন্যুগুলো হচ্ছে-মিরপুর ইনডোর স্টেডিয়াম (কারাতে ও ভলিবল), আর্মি স্টেডিয়াম (অ্যাথলেটিকস), মিরপুর সুইমিং পুল (সাঁতার), জাতীয় শ্যুটিং কমপ্লেক্স (শ্যুটিং), ক্রীড়া পরিষদ জিমনেশিয়াম (তায়কন্দো ও কুস্তি), আউটার স্টেডিয়াম (কাবাডি), ভারোত্তলন ফেডারেশন (ভারোত্তলন) এবং মোহাম্মদ আলী বক্সিং কমপ্লেক্স (বক্সিং)।