২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেস্টস্ট্রোকে সাফ গেমস রেকর্ড টপকালেন নৌবাহিনীর রুবেল রানা

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার কেয়া কসমেটিকস ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিন নৌবাহিনীর রুবেল রানা নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি সাফ রেকর্ডও অতিক্রম করেছেন তিনি। এই ইভেন্টে রুবেল ২৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক লাভ করেন। ২০০৪ সালে তিনি নিজেই ২৮ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ইভেন্টে বিকেএসপি’র রকিবুল ইসলাম দ্বিতীয় এবং সেনাবাহিনীর কারার মোহিনুর রহমান তৃতীয় স্থান লাভ করেন।

এছাড়া দ্বিতীয় দিনে আরও তিনটি জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। এর দু’টি ব্যক্তিগত এবং অন্যটি রিলে ইভেন্টে।

মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিজেএমসির ডলি আক্তার ৩৫ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল সবুরা খাতুনের (৩৬ দশমিক ৫২ সেকেন্ড)। এই ইভেন্টে সবুরা খাতুন ৩৬ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

ডলি আক্তার ৫০ মিটার ফ্রিস্টাইলে আরেকটি জাতীয় রেকর্ড গড়েন। তিনি সময় নেন ৩০ দশমিক ৬৯ সেকেন্ড। এই ইভেন্টে দ্বিতীয় স্থান লাভ করেন সবুরা খাতুন (৩১ দশমিক ০৬ সেকেন্ড)। তৃতীয় হন বিকেএসপি’র আফসানা তালুকদার।

মহিলাদের ৪ ী ২০০ মিটার রিলেতে দশ মিনিট ৩২ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে বিকেএসপি। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশ আনসারের (দশ মিনিট ৫১ দশমিক ১৫ সেকেন্ড)। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আনসার ও বিজেএমসি।

এছাড়া দিনের অন্যান্য ইভেন্টের মধ্যে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নৌবাহিনীর নিয়াজ আলী এবং মহিলাদের একই ইভেন্টে বিকেএসপির মাহফুজা খানম, পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর কাজী মনিরুল ইসলাম, পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর জুয়েল আহমেদ, মহিলাদের একই ইভেন্টে আনসার’র লাবনী আক্তার, পুরুষদের ৪ ী ২০০ মিটার রিলেতে নৌবাহিনী স্বর্নপদক লাভ করে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে আটটি স্বর্নপদক নিয়ে পুরুষ বিভাগে শীর্ষে অবস্থান করছে নৌবাহিনী। অন্যদিকে মহিলাদের বিভাগে তিনটি করে স্বর্ণপদক নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। দু’টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিকেএসপি।