দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্পোরেট ক্রিকেট লীগ ৫ দিন পেছালো
দুর্যোগপূর্ণ আবাহওয়ার কারণে গ্রামীণফোন কর্পোরেট ক্রিকেট লীগ পাঁচ দিন পিছিয়ে দেয়া হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তীত তারিখ অনুযায়ী লীগ শুরু হবে ১০ অক্টোবর থেকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার কর্পোরেট ক্রিকেট লীগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
দেশের ছয়টি স্টেডিয়ামে লীগের ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে-ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বগুড়া বিভাগীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম।
লীগের উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে-আরাফ অ্যাপারেলস বনাম ইপিলিয়ন গ্রুপ, বাংলা ক্যাট বনাম গাজী ট্যাংক ক্রিকেটারস এবং মেট্রো রিয়েল এস্টেট বনাম বিমান বাংলাদেশ।
লীগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-আরাফ অ্যাপারেলস, ইপিলিয়ন গ্রুপ, বাংলা ক্যাট, গাজী ট্যাংক ক্রিকেটারস, মেট্রো রিয়েল এস্টেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যমুনা ব্যাংক, ওরিয়ন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, অ্যাকমি ল্যাবরেটরি, এম এম ইস্পাহানী লিমিটেড এবং সিকিউরিটি এয়ার এক্সপ্রেস।
এদিকে জাতীয় দলের পেসার তালহা জুবায়ের এবং স্পিনার আব্দুর রাজ্জাক রাজকে পুলের বাইরে রাখা হয়েছে। ছয়মাস আগে তারা জাতীয় দলে অর্ন্তভুক্ত হলেও সেসময় তারা কোন ম্যাচ না খেলায় তাদের পুলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন লীগ কমিটির সদস্যসচিব আলী হোসেন। তালহা ও রাজ কর্পোরেট লীগে বেক্সিমকো’র হয়ে খেলবেন।
