২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষতা বাড়াতে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা উচিত : মাহবুব আনাম

দেশের ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ঘরোয়া ক্রিকেট আসরগুলোর প্রতি মনোনিবেশ করা উচিত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এতে তারা আন্তর্জাতিক অঙ্গনেও ভাল পারফরম্যান্স দেখাতে পারবে। শনিবার রাজধানীর পূর্বানী হোটেলে গ্রীন ডেল্টা ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে একথা বলেন ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। লিগে ওল্ড ডিওএইচএস ক্লাব চ্যাম্পিয়ন এবং সিটি ক্লাব রানার্স আপ হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা মহানগর ক্রিকেট কমিটির সভাপতি খন্দকার জামিলউদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী ম্যাকি দুধিয়া। ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, ক্রিকেট সংগঠক, বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পদচারনায় এ সময় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

বিশেষ অতিথি বোর্ড প্রেসিডেন্ট আলী আসগর লবী ব্যক্তিগত সমস্যার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

মাহবুব আনাম তার বক্তব্যে বলেন, মতিঝিল এলাকায় অবস্থিত ক্লাবগুলো মাঠের স্বল্পতার কারনে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়না। তিনি এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ক্লাবগুলোর জন্য মাঠের ব্যবস্থা করার অনুরোধ জানান।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এডিএম ফরিদউদ্দিন বলেন, দেশের ক্রিকেটের স্বার্থে তারা যেকোন সহযোগিতা করার চেষ্টা করবেন।

চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ক্লাবের অধিনায়ক আকরাম খান ও রানার্স আপ সিটি ক্লাবের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।