হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে পাক দলের নেতৃত্বে মঈন খান
হংকংয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য সুপার সিক্সেস টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক মঈন খান (৩৪)। পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে মঈন খানের নাম ঘোষনা করেছে।
মঈন খান পাকিস্তানের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর। দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন-ইয়াসির আরাফাত, নাভেদ লতিফ, মোহাম্মদ হাফিজ, তাহির খান, কামরান হুসাইন ও রিয়াজ আফ্রিদি।
হংকংয়ের কাউলুন ক্রিকেট ক্লাব মাঠে ২২ থেকে ২৩ অক্টোবর সুপার সিক্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে স্বাগতিক হংকংয়ের সাথে সাতটি টেস্টখেলুড়ে দেশ অংশ নেবে।
টেস্টখেলুড়ে দেশগুলোকে নিয়ে ১৯৯২ সালে এই সুপার সিক্স টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। পরবর্তীতে টুর্নামেন্টটি ক্রিকেটবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
টুর্নামেন্টে প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় অংশগ্রহন করেন এবং সব ক্রিকেটারই ব্যাটিং ও বোলিংয়ের সুযোগ করতে পারেন। তবে একজন ব্যাটসম্যান ৩০ রান করার পর স্বেচ্ছায় অবসর নিতে হয়।
সাবেক কৃতি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে প্রথম আসরের শিরোপা লাভ করে। পাকিস্তান অবশ্য এরপর ১৯৯৭, ২০০১ ও ২০০২ সালের শিরোপাও নিজেদের ঘরে তোলে।
এবারের টুর্নামেন্টে পাকিস্তান প্রাথমিক পর্বে বি গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট উইন্ডিজের সাথে লড়বে। এ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা এবং স্বাগতিক হংকং। ২০০৩ ও ২০০৪ সালের শিরোপাজয়ী ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন সাবেক স্পিনার রবার্ট ক্রফট।
এবারের টুর্নামেন্টের প্রাইজমানি দুই লাখ ৮০ হাজার ডলার আর চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে এক লাখ ডলার।
