২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানোর কেলেংকারিতে ব্রাজিলের রেফারি প্রধানের পদত্যাগ

ব্রাজিলের রেফারি কমিটির প্রধান আরমান্ডো মার্কুইস পদত্যাগ করেছেন। ম্যাচ পাতানোর অভিযোগে দুই রেফারি অভিযুক্ত হবার এক সপ্তাহ পর শুক্রবার মার্কুইস পদত্যাগ করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মুখপাত্র মার্কুইসের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।

ম্যাচ পাতানো কেলেংকারির খবর প্রকাশিত হওয়ার পর থেকেই মার্কুইস চাপের মুখে ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে সিবিএফ’র রেফারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

খেলার ফলাফল প্রভাবিত করতে অর্থ নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক রেফারি এডিলসন পেরেইরা ডি কারভালহো এবং পাওলো হোসে ডেনিলনকে সিবিএফ গত সপ্তাহে বরখাস্ত করে। আন্তর্জাতিক ফুটবল অভিভাবক ফিফাও কারভালহোকে বহিষ্কার করেছে।

অভিযোগ উত্থাপিত হওয়ার পরপরই পুলিশ কারভালহোকে গ্রেপ্তার করে। অবশ্য পাঁচদিন আটক রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডেনিলন পুলিশের কাছে স্বীকার করেছেন যে, সাও পাওলো রাজ্যের পলিস্টা চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচে পাতানো খেলার আশ্রয় নিয়েছেন। প্রতিটি খেলার জন্য তিনি ৪,৪০০ মার্কিন ডলার করে পেয়েছেন। ডেনিলনের আইনজীবী তার স্বীকারোক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন।