চ্যালেঞ্জ সিরিজে অংশ নেবেন টেন্ডুলকার
লিটল মাস্টার শচীন টেন্ডুলকার আসন্ন চ্যালেঞ্জ সিরিজ ট্রফিতে অংশ নেবেন।
টুর্নামেন্টে অংশ গ্রহণের জন্য তিনি এখন সম্পূর্ণ ফিট। মে মাসে টেনিস এলবো ইনজুরির জন্য সার্জারি করিয়েছেন এবং অক্টোবরের ১০ এবং ১৩ তারিখে মোহালিতে তাকে আবার ওয়ান ডে টুর্নামেন্টে দেখা যেতে পারে।
ইনজুরির কারণে টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। বিশ্ব একাদশের পক্ষে ওয়ান ডে এবং টেস্ট উভয় দলেই তিনি ডাক পেয়েছিলেন।
ভারতীয় ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টার নির্বাচকদের জানান, টেন্ডুলকার টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত।
ভারতীয় জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরণ মোরে বলেন, টেন্ডুলকার চ্যালেঞ্জ সিরিজে খেলবে। আমি জন গ্লস্টারের সাথেও কথা বলেছি।
চ্যালেঞ্জ সিরিজে ইন্ডিয়া সিনিয়র, ইন্ডিয়া-এ এবং ইন্ডিয়া বি-দল অংশ নেবে এবং আগামী শনিবার দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে।
