২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের প্রথম লক্ষ্য ফাইনাল

শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়নি এখনও। বসুন্ধরা কিংস তাই ছাড়তে রাজি হয়নি ইয়াসিন আরাফাত ও রিমন হোসেনকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবও ছাড়েনি আসিফ হোসেন, শেখ মোরসালিনকে। লিগে পারফরম্যান্স দিয়ে নজরকাড়া এই চার জনকে ছাড়াই তাই সাজানো হলো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 04:51 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দল নিয়ে আগামী ২৫ জুলাই ভুবনেশ্বরে ‍শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরগুলো হয়েছে অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সীদের নিয়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের সঙ্গে মানিয়ে নিতে এবার সাফের আসরটি হচ্ছে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে।

পরীক্ষিত চার জনকে ছাড়া দল গোছাতে হলেও বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। আপাতত ফাইনালে খেলা লক্ষ্য বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক তানভির হোসেন। সহ-অধিনায়ক মঈনুল ইসলাম মঈনও জানালেন ভালো প্রাপ্তি নিয়ে ফেরার প্রত্যয়।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শেষের পর প্রায় মাস খানেক পল থমাস স্মলির কোচিংয়ে প্রস্তুতি নিয়েছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর স্মলিই থাকবেন ভুবনেশ্বরে লাল-সবুজ জার্সিধারীদের ডাগআউটে।

বাফুফে এলিট একাডেমির ১২ জন এবং চ্যাম্পিয়নশিপ লিগ ও প্রিমিয়ার লিগ খেলাদের নিয়ে ২৩ জনের দল সাজিয়েছেন তিনি। এদের মধ্যে তানভির, শান্ত কুমার রায়, শাহীন আহমেদ, রাজন হাওলাদার, আক্কাস আলি ও পিয়াস আহমেদ নোভার আছে লিগে খেলার অভিজ্ঞতা। দল নিয়ে সন্তুষ্ট স্মলি।

“এই দল গোছানোর প্রক্রিয়া আমরা জুনের শুরুর দিকে শুরু করেছি। বাফুফে এলিট একাডেমি থেকে ১২ জন, চ্যাম্পিয়নশিপ লিগের ৫ জন এবং লিগ থেকে ৬ জন খেলোয়াড় নিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে লিগের খেলা চলায় এবং সামনে ফিফা উইন্ডো তাকায় বিপিএলের কিছু খেলোয়াড় আমরা পাইনি।”

“এ কারণে যারা সুযোগ পেয়েছে, এই দলে আছে, তাদের সামনে আছে পারফরম করার সুযোগ। বিসিএল থেকে কিছু মেধাবী খেলোয়াড় উঠে আসতে দেখেছি আমরা, আমি কল্পনা করতে পারছি, তারা আগামী মৌসুমে বিপিএলে খেলবে। লিগে খেলা ফুটবলারও আছে। বিসিএল ও লিগ মিলিয়ে ছেলেরা খেলার মধ্যে ছিল। ফলে আমাদের প্রস্তুতিও অনেক ভালো।”

২০১৫ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজও সেরা হওয়ার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল দল। কাঠমান্ডুর ওই সাফল্য ভুবনেশ্বরে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য জানালেন অধিনায়ক তানভির।

“স্কোয়াডে যারা আছে, এদের মধ্যে বেশির ভাগই এলিট একাডেমির। এছাড়া লিগ ও বিসিএলের খেলোয়াড়ও আছে। সবাইকে নিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। কোচ ভালো দিক নির্দেশনা দিয়েছে, প্রস্তুতিতে সবাই শতভাগ দিয়েছে। আশা করি, আমরা ভারতে গিয়ে ভালো একটা ফল করতে পারব। দল নিয়ে আমরা আশাবাদী।”

সবশেষ চ্যাম্পিয়নশিপ লিগে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মঈন। উত্তরা এফসির এই অ্যাটাকিং মিডফিল্ডার যোগ দিয়েছেন লিগের ঐতিহ্যবাহী দল মোহামেডানে। তিনিও ভালো করে জানেন ভুবনেশ্বরে গোলের জন্য তার দিকে তাকিয়ে থাকবে দল।

“বিসিএলে ১৮ গোল করেছি। এখানেও দল আমার কাছে গোল চাইবে। অনুশীলনে আমাকে নাম্বার ১০ পজিশনে খেলিয়েছেন কোচ। আশা করি, কোচের প্রত্যাশার প্রতিদান দিতে পারব।”

“১৫-২০ দিন ধরে আমরা একসঙ্গে অনুশীলন করেছি। সবাই মোটামুটি ভালো খেলোয়াড়, বাছাই করে তাদের নেওয়া হয়েছে। এতদিন আমরা কোচের ট্যাকটিকস ও টেকনিক নিয়ে কাজ করেছি, অনুশীলনে সবাই ভালো করছে। আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে ওঠা। ভালো একটা ফল নিয়ে দেশে ফেরা।”