২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার জন্য লেভানদোভস্কির কাছে বার্সাই ‘সেরা ক্লাব’

লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে স্কোরারের অভাবে ধুকঁছে বার্সেলোনা। ‘গোল মেশিন’ রবের্ত লেভানদোভস্কি আসায় দলটি নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখছে। পোলিশ এই স্ট্রাইকার প্রথমবার সংবাদ সম্মেলনে এসে প্রতিশ্রুতিও দিলেন ভুরিভুরি গোল করে বার্সেলোনার প্রত্যাশা মেটানোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 12:41 AM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বেশ কিছু দিন ধরে চলা আলোচনার অবসান হয় গত মঙ্গলবার। চার কোটি ৫০ লাখ ইউরো দিয়ে লেভানদোভস্কিকে দলে টানে বার্সেলোনা।  বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে পাঁচ কোটি ইউরো। চার বছরের চুক্তি করবেন লেভানদোভস্কি। এখানে তার রিলিজ ক্লজ হবে ৫০ কোটি ইউরো।

বুধবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন লেভানদোভস্কি। ৩৩ বছর বয়সী এই তারকার বিশ্বাস, শিরোপা জেতার জন‍্য সেরা ক্লাবটিতেই নোঙর ফেলেছেন তিনি।

“ফুটবলে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়ের আকাঙ্ক্ষা থাকা এবং আমি মনে করি, সেটা করার জন্য আমি সেরা জায়গাতেই এসেছি।”

“আমার নাম রবের্ত, আমি পোল্যান্ড থেকে এসেছি এবং আমি বার্সেলোনায় থাকি। এই দলটায় অনেক মেধাবী এবং সম্ভাবনাময় খেলোয়াড় আছে। আমি ভালো ক্লাবেই এসেছি। সাফল্য পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং আমি খুবই খুশি।”

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালে লেভানদোভস্কি বায়ার্নে যোগ দিয়ে ক্লাবটির হয়ে জেতেন সব ধরনের শিরোপা। ‘বাভারিয়ানদের’ হয়ে ৩৭৫ ম্যাচে গোল করেন ৩৪৪টি।

সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে বায়ার্নের হয়ে ৮টি বুন্ডেসলিগা, ৩টি জার্মান কাপ, ৪টি জার্মান সুপার কাপ এবং ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের তৃপ্তি নিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন তিনি।

অন্যদিকে গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনা পাচ্ছে না প্রত্যাশিত সাফল্য। গত মৌসুম ছিল শিরোপা শূন‍্য। ২০১৮-১৯ মৌসুমের পর আর পায়নি লা লিগা শিরোপার স্বাদ। চ্যাম্পিয়ন্স লিগে ট্রফির দেখা নেই ২০১৪-১৫ মৌসুমের পর থেকে।

এ মৌসুমে নতুন করে শুরুর আশায় দল গুছিয়ে নিয়েছে বার্সেলোনা। ফঁক কেসিয়ে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাফিনিয়াদের দলে টেনেছে। আক্রমণভাগের শক্তি বাড়াতে এনেছে লেভানদোভস্কিকে। তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন গোলের দাবি পূরণের।

“সতীর্থদের সঙ্গে আমি শেষ কয়েকটা ট্রেনিং সেশন করেছি এবং পরের ম্যাচ খেলার জন্য আমি তৈরি। আশা করি, আমি অনেক গোল করতে পারব এবং এটাই আমার চ্যালেঞ্জ।”