২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের চুক্তিতে রোমায় দিবালা

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার সারা হলো আনুষ্ঠানিকতা। তিন বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দিলেন পাওলো দিবালা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 06:53 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

ইউরোপা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন রোমা বুধবার চুক্তির বিষয়টি জানিয়েছে। ইউভেন্তুসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে তাকে পেয়েছে ক্লাবটি।

ইতালিয়ান সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, নতুন ক্লাবে বার্ষিক ৬০ লাখ ইউরো বেতন পেতে পারেন দিবালা।

রোমায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ২৮ বছর বয়সী দিবালা। বিশেষ করে কোচ জোসে মরিনিয়োর সঙ্গে কাজ করতে উন্মুখ আছেন তিনি।

“আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যারা এগিয়ে যাচ্ছে। ক্লাব হিসেবে যারা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত স্থাপন করে চলেছে। কোচ জোসে মরিনিয়োর সঙ্গে কাজ করা হবে বিশেষ ব্যাপার।”

২০১৫ সালে দিবালা পালেরমো থেকে পাড়ি দেন ইউভেন্তুসে। ইতালির অন্যতম সফল দলটির হয়ে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তুরিনের দলটির হয়ে ২৯৩ ম্যাচে করেন ১১৫ গোল। চোট ও অসুস্থতা মিলিয়ে সেখানে শেষ দুই মৌসুম খুব একটা ভালো কাটেনি তার।

আর্জেন্টিনা জাতীয় দলে ২০১৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন তিনি।

চলতি দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে দিবালাকে দলে টেনেছে রোমা। ক্লাবটি জানিয়েছে, এরই মধ্যে পর্তুগালে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শুরু করেছেন নতুন মৌসুমের প্রস্তুতি। রোমের ক্লাবটিতে তিনি খেলবেন ২১ নম্বর জার্সি পরে।

গত মৌসুমে টেবিলের ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল রোমা। আগামী ১৪ অগাস্ট সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে নিজেদের লিগ অভিযান শুরু করবে দলটি।